মিশরের সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ
অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে মিশরের সঙ্কট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার চেষ্টা করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে ভয়াবহ রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে।
শুক্রবার লন্ডনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ ঘোষণা দেন।
মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাবাহিনী গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করেছে, এ মন্তব্য করার একদিন পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, মুরসির সমর্থকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ দেয়ার জন্য মিশরের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
কায়রোর বিক্ষোভ শিবির থেকে মুরসি সমর্থকদের চলে যেতে মিশরীয় সরকারের আহ্বানের পরিপ্রেক্ষিতে কেরি এ আহ্বান জানালেন।
লন্ডনে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে বৈঠকের আগে কেরি বলেন, “গণতান্ত্রিক উত্তরণ ও সবার অধিকারের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনতে, মিশরের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধান বের করতে, অন্যান্যদের সঙ্গে নিয়ে আমরা কঠোর পরিশ্রম করবো।”
জায়েদের সঙ্গে কেরির বৈঠক মিশরের রাজনৈতিক সঙ্কট সমাধানে একটি নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
এর আগে মিশরের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টনও কায়রো সফর করেন। ইইউ’র পাশাপাশি সমস্যা সমাধানে নতুন কূটনৈতিক উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের ওপর নির্ভর করা হবে।
আমিরাত মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার ও কাতারের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করবে। মুসলিম ব্রাদাহরহুড সমর্থিত মুরসির ইসলামপন্থি সরকারকে সমর্থন দিয়েছিল কাতার।
কয়েক দিনের ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশর সেনাবাহিনী। এরপর থেকে মুরসিকে ক্ষমতায় পুনর্বাহালের দাবিতে কায়রোসহ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করে আসছে মুসলিম ব্রাদারহুড। এ সময়ে সংঘটিত বিভিন্ন সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৩শ’ মানুষ নিহত হয়েছেন।
