জিম্বাবুয়ের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: আফ্রিকান ইউনিয়ন
আফ্রিকান ইউনিয়নের (এইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ওলুসেগুন ওবাসানজো বলেছেন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে।
জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গিরাই যে নির্বাচনকে ‘বিরাট প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছেন সে নির্বাচনকেই ওবাসানজোর পাশাপাশি অবাধ এবং শান্তিপূর্ণ বলে শুক্রবার সাধুবাদ জানিয়েছে ‘সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি’র (এসএডিসি) পর্যবেক্ষকরাও।
ওবাসানজো নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলার পরপরই আঞ্চলিক পর্যবেক্ষক গ্রুপ এসএডিসি এক বিবৃতিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য জিম্বাবুয়েবাসীকে অভিনন্দন জানিয়েছে এবং স্যাঙ্গিরাইকে ফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছে।
নির্বাচনে জয় দাবি করছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের দল । এ দাবিকে ‘বিরাট প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছেন মুগাবের প্রবল প্রতিপক্ষ স্যাঙ্গিরাই। তার দল ‘মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ’ (এমডিসি) শুক্রবার বলেছে, নির্বাচনে মুগাবের জয়কে চ্যালেঞ্জ করে তারা রাস্তায় বিক্ষোভেও নামতে পারে।
বুধবার ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছে। এ নির্বাচনে কে জিতেছে তা ৫ দিন পর ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
অন্যদিকে, একইদিনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক ফলে দেখা গেছে মুগাবের দলই এগিয়ে যাচ্ছে। যদিও বিজিত আসনগুলো বেশিরভাগই মুগাবের গ্রামাঞ্চলের নির্বাচনী আসন।
প্রেসিডেন্ট নির্বাচনে মুগাবে ৭০ শতাংশ ভোট পেতে পারেন বলে আশা করছেন তার জানু পিএফ পার্টির মুখপাত্র।
শুক্রবার রাজধানী হারারেতে ওবাসানজো বলেন, “প্রচারাভিযানের দৃষ্টিকোণ থেকে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে”।
নির্বাচনে কিছু কিছু অনিয়ম এড়ানো যেত একথা স্বীকার করলেও ওবাসানজো বলেন, এসব অনিয়মের কারণে ভোটের সার্বিক ফল পরিবর্তন হবে বলে এইউ পর্যবেক্ষকরা মনে করে না।
