নিরাপত্তা ঝুঁকি: রোববার বন্ধ থাকবে মার্কিন দূতাবাস
নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে রোববার বাংলাদেশসহ কয়েকটি মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বিবিসি ও রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই ঘোষণা দেয়।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বিবিসিকে বলেন, রোববার ৪ অগাস্ট যেসব দূতাবাস ও কনস্যুলেট সাধারণভাবে খোলা থাকার কথা ছিল, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ‘নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে সিবিএস টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর আল কায়দার হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের কারণেই দূতাবাস বন্ধের এই সিদ্ধান্ত।
তবে ঠিক কোন কোন দেশে এ ধরনের হামলা হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য নেই।
সিবিএস জানিয়েছে, বাহরাইন, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান এবং বাংলাদেশের দূতাবাসগুলোকে রোববার বন্ধ রাখতে বলেছে পররাষ্ট্র দপ্তর।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী এসব দেশের আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশনও শনিবার মধ্যরাত থেকে সোমবার প্রথম প্রহর পর্যন্ত বন্ধ থাকবে বলে সংগঠনের এক ই মেইল বার্তায় সদস্যদের জানানো হয়েছে।
এমনিতে মুসলিম বিশ্বে রোববার একটি কর্মদিবস হিসেবে গণ্য হয়। বিশ্বের অন্যান্য দেশে রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো বন্ধ থাকে।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানালেও এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলা চালানো হলে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ ৪ জন মার্কিনি নিহত হন। পাশাপাশি বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশের দূতাবাসে হামলাও চালানো হয়।
