২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে নির্বাচনে মুগাবের জয় দাবি, প্রহসন বললেন স্যাঙ্গিরাই

জিম্বাবুয়ের নির্বাচনে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের দল জানু-পিএফ পার্টি বিপুল ভোটে জয় দাবি করার পরপরই এ নির্বাচনকে ‘বড় প্রহসন’ বলে মন্তব্য করেছেন মুগাবের প্রধান প্রতিপক্ষ প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গিরাই।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 08:47 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)নেতা স্যাঙ্গিরাই বুধবারে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক জালিয়াতির অভিযোগও করেছেন।তবে ক্ষমতাসীন দল এ সব অভিযোগ অস্বীকার করেছে।

জানু-পিএফ পার্টির প্রবীণ প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ৩৩ বছরের ক্ষমতা থেকে এবার নির্বাচনে হারিয়ে ‘অবসরে’ পাঠানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন এমডিসি নেতা স্যাঙ্গিরাই। কিন্তু নির্বাচনের পর এমডিসি শোচনীয়ভাবে পরাজিত হয়েছে বলে দাবি করে মুগাবে শিবির।

জানু-পিএফ দলের এক প্রবীণ নেতা মুগাবের পক্ষে বিজয় ঘোষণা করে বলেন, তিনি শহরাঞ্চলের অনেক সংসদীয় আসনই এমডিসির কাছ থেকে ছিনিয়ে এনেছেন।

সঙ্গে সঙ্গেই স্যাঙ্গিরাই শিবির এ নির্বাচনকে ‘বড় প্রহসন’ আখ্যা দিয়ে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে।

নির্বচনের ৫ দিন পর আনুষ্ঠানিক ফল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের।কমিশন জানিয়েছে, ভোট গণনা শেষ হয়েছে বৃহস্পতিবারেই।এখন ফলাফল আসতে শুরু করেছে।