২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে বাস খাদে, নিহত ৩৯

ইতালির আভেলিনো এলাকায় পর্যটকদের একটি বাস খাদে পড়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 09:07 AM

Updated : 13 Oct 2022, 02:54 PM

স্থানীয় বার্তা সংস্থা এএনএসএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার প্রথম প্রহরে ইতালির দক্ষিণাঞ্চলের ক্যাম্পানিয়া এলাকার আভেলিনো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।


বাসটি একটি ফ্লাইওভার থেকে তীব্রগতিতে নেমে আসার সময় কয়েকটি গাড়িকে আঘাত করে এবং এরপর রাস্তার পাশের ঢাল বেয়ে প্রায় ৯৮ ফুট নিচে গড়িয়ে পড়ে।


তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এ দুর্ঘটনায় আরো অন্তত ১১ জন আহত হয়েছে। ওই বাসে শিশুসহ অর্ধশতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ফ্লাইওভারে কয়েকটি গাড়ি পড়ে আছে দোমড়ানো মোচড়ানো অবস্থায়; রাস্তার পাশে সারি বেঁধে রাখা হয়েছে লাশ।

নিহতদের মধ্যে ওই বাসের চালকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইতালির ইতিহাসে এ এক ভয়াবহ দুর্ঘটনা।তাছাড়া, কয়েকদিন আগেই স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দক্ষিণ ইউরোপে বড় ধরনের দুর্ঘটনা এটি।


দুর্ঘটনার পরপরই নেপলস-বারি হাইওয়ে বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ফায়ার ব্রিগেড কর্মকর্তা পেলেগ্রিনো ল্যান্ডেলো ইতালীয় টেলিভিশনকে বলেন, “পরিস্থিতি খুবই জটিল। আমরা যতোজনকে সম্ভব উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”