২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় নির্বাচন: হুন সেন শিবিরের জয় দাবি

ক্যাম্বোডিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে ক্ষমতাসীন ক্যাম্বোডিয়া পিপলস পার্টির (সিপিপি) জয় দাবি করেছেন প্রধানমন্ত্রী হুন সেন সরকারের মুখপাত্র।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jul 2013, 07:52 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রোববার ভোটের পর সিপিপি সরকারের প্রধান মুখপাত্র ও তথ্যমন্ত্রী কাইউ কানহারিত তার ফেইসবুকে লেখেন, নির্বাচনে চূড়ান্ত ভোট গণনায় সিপিপি ৬৮ আসন এবং বিরোধী দল ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি) ৫৫ আসন পেয়েছে।

দেশটির নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ফল প্রকাশ করেনি। তবে রোববার দিন শেষেই ভোট গণনার আংশিক ফল ঘোষণা শুরুর কথা রয়েছে।

বিরোধীদলীয় নেতা স্যাম রেইনসি এর আগে নির্বাচনে তার দলের জয় দাবি করলেও পরে তা প্রত্যাখ্যান করেন।এর কোনো ব্যাখ্যা দেননি তিনি।

প্রধানমন্ত্রী হুন সেন এর দল সিপিপি নির্বাচনে এগিয়ে থাকবে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো আগেই আভাস দিয়েছিল।

তবে নির্বাসন থেকে বিরোধী নেতা স্যাম রেইনসির দেশে ফেরা এবং অপর একটি বিরোধী দলের সঙ্গে তার দল সিএনআরপি’র জোটবদ্ধ হওয়া ক্ষমতাসীনদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে মত দিয়েছিলেন বিশ্লেষকরা।

কাইউ কানহারিত ভোটের যে পরিসংখ্যান দিয়েছে তা নিশ্চিত হলে বিশ্লেষকদের এ ধারণা অনেকটাই বাস্তব হয়ে দাঁড়াবে।সিপিপি’র তুলনায় এবারের নির্বাচনে কিছুটা লাভবান হবে বিরোধীদল।

বিদায়ী পার্লামেন্টে ১২৩ আসনের মধ্যে সিপিপি’র ছিল ৯০টি এবং বিরোধী দল সিএনআরপির ছিলো মাত্র ২৯টি আসন।এবারের নির্বাচনে ক্ষমতাসীনরা ২২টি আসন খুইয়েছে বলে প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে।

রোববার সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে বেলা তিনটা পর্যন্ত। নির্বাচনে ৯০ লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী হুন সেন ভোট দেন সকালেই।দীর্ঘ ২৮ বছর ধরে তিনি ক্ষমতায় আছেন।অন্তত আরও এক দশক তিনি ক্ষমতায় থাকতে চান।

বিরোধীদলীয় নেতা রেইনসি ইতোমধ্যেই ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন। ভোটার তালিকায় অনেক ভোটারের নাম গায়েব ছিল বলেও অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকায় কোনো সমস্যা নেই বলে দাবি করেছে।