২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার তুর্কি মিশনে জঙ্গি হামলায় নিহত ৩

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে তুর্কি দূতাবাস কর্মীদের বাসস্থান লক্ষ্য করে চালানো এক গাড়িবোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত নয়জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jul 2013, 12:10 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শনিবার এ হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও সোমিলি কর্মকর্তারা জানিয়েছেন।

জঙ্গি গোষ্ঠি আল শাবাব হামলার দায়িত্ব স্বীকার করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা আহমেদ মাহমুদ জানিয়েছেন, রাজধানীর কে-ফোর এলাকার কাছে তুর্কি দূতাবাস কর্মীদের বাসস্থান লক্ষ্য করে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে।

এতে তিনজন নিহত ও অপর ৯ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

“বাসস্থানের ভবনটিতে একটি তুর্কি গাড়ি প্রবেশ করছিল, এই সুযোগে বিস্ফোরক ভর্তি গাড়িটি ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়,” বলেন তিনি।

তুরস্কের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভবনটিতে প্রবেশের সময় হামলাকারীদের বাঁধা দিয়েছিল দূতাবাসের রক্ষীরা, তাতে দূতাবাস রক্ষীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আহত তিনজন তুর্কি কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত দুইমাসে সোমালিয়ার বিদ্রোহী জঙ্গি গোষ্ঠি আল শাবাব বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এরমধ্যে আফ্রিকার শান্তিরক্ষা মিশনের গাড়ি বহরের ওপর চালানো এক হামলায় আটজন নিহত হয়েছিল, আর জাতিসংঘের মোগাদিসুর দপ্তরে চালানো হামলায় ২২ জন নিহত হয়।

রমজান মাসে হামলা জোরদার করার ঘোষাণা দেয়া আল শাবাব এক টুইট্যার বার্তায় তুর্কি লক্ষ্যস্থলে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে।