যুক্তরাষ্ট্রে উন্মত্ত বন্দুকধারীর গুলিতে নিহত ৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে উন্মত্ত বন্দুকধারীর গুলিতে তিন নারীসহ ছয় জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।
শুক্রবার রাতে মিয়ামির হিয়ালেহর একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ ঘটনা ঘটে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
শনিবার সকালে পুলিশের মুখপাত্র সার্জেন্ট এডি রদ্রিগেজ সিএনএনকে বলেন, শুক্রবার সন্ধ্যায় একজন বন্দুকধারী ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টে একজন নারী ও একজন পুরুষকে জিম্মি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে গুলিতে নিহত দুজনের মরদেহ দেখতে পায়।
এরপর জিম্মিকারীর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। পরে পুলিশের একটি দল ভবনে ঢুকে জিম্মিদের উদ্ধার করে। এ সময় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হন।
পুলিশের মুখপাত্র জানান, পুলিশ কর্মকর্তারা ভবনে ঢোকার সময় কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতদের মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ বলে জানান তিনি।
