ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত রাউল ক্যাস্ত্রোর
কিউবা বিপ্লব শুরু হওয়ার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তর’ করার কথা বলেছেন দেশটির বর্ষীয়ান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো।
শুক্রবার কিউবার সান্তিয়াগো শহরে অনুষ্ঠানটির আয়োজন করা হয় বলে বিবিসি জানিয়েছে।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাউল ছাড়াও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা এবং উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা উপস্থিত ছিলেন।
১৯৫৩ সালে রাউলের বড় ভাই ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে একদল বামপন্থী গেরিলা তৎকালীন কিউবার দ্বিতীয় বৃহত্তম সেনা ক্যান্টনমেন্ট মনকাদা আক্রমণ করে। আক্রমণটি ব্যর্থ হলেও পরবর্তীতে বিপ্লব সফল হওয়ার পর আক্রমণের দিন ২৬ জুলাইকে বিপ্লব শুরুর দিন হিসেবে চিহ্নিত করা হয়।
এ ঘটনার পর থেকে ক্যাস্ত্রোর নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলন ‘২৬ জুলাই মুভমেন্ট’ নামে পরিচিত পায়। ওই আক্রমণে ফিদেলের গেরিলা দলে বর্তমান প্রেসিডেন্ট রাউলও ছিলেন।
অনুষ্ঠানে দেয়া ভাষণে রাউল বলেন, বিপ্লবীরা একটি নতুন প্রজন্মকে একটি পথ দেখিয়েছেন যা সমাজতান্ত্রিক আদর্শ বাঁচিয়ে রাখতে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে ফিদেল ক্যাস্ত্রো উপস্থিত ছিলেন না। স্বাস্থ্যগত কারণে ২০০৮ সালে রাউলের কাছে দায়িত্ব হস্তান্তর করে অবসরে যান তিনি।
অনুষ্ঠানে বিপ্লব ও বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর প্রতি সম্মান জানানো হয়।
“বিপ্লব ও সমাজতন্ত্রের পতাকাকে উপরে তুলে ধরার প্রস্তুতি ও প্রত্যয়ের ওপর ভিত্তি করে দ্বিধা-শঙ্কাহীন ইতিহাস সৃষ্টিকারী ওই প্রজন্ম পরবর্তী প্রজন্মকে পথ দেখিয়েছে,” বলেন রাউল।
নিজ দেশে বিপ্লবের জন্য অস্ত্র ধরা উরুগুয়ের প্রেসিডেন্ট মুজিকা বলেছেন, ল্যাটিন আমেরিকার অন্যান্য জাতি কিউবার বিপ্লব থেকেই আত্মবিশ্বাস পেয়েছে।
“এটি আত্মমর্যাদা প্রতিষ্ঠার বিপ্লব। এটি আমাদের স্বপ্ন দেখিয়েছে,” বলেন তিনি।
