বাবা-মায়ের কবরের কাছে বসবাস
দুইমাস ধরে বাবা-মায়ের কবরের কাছে নীল প্লাস্টিকের তাঁবুতেই বসবাস করতে বাধ্য হচ্ছে পরিবারটির সন্তানেরা। এরা সবাই ভাইবোন। তাদের সবার ছোটটির বয়স মাত্র ৭। গ্রামবাসীদের দেয়া খাবারেই বেঁচে আছে তারা।
এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রতাপড়ে। এলাকাটি প্রাদেশিক রাজধানী লক্ষ্ণৌ থেকে ১৬০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে এনডিটিভি।
দুই বছরের মধ্যে এদের মা-বাবা দুজনেই এইডসে ভুগে মারা যায়। তারপর থেকে কোনো আত্মীয়স্বজন তাদের সাহায্য করেনি।
তাদের এক চাচা বলেছেন, যেখানে বড় হয়ে উঠেছে সেই ছোট ঘরটিতে ওরা যদি থাকে তবে যে ভাইরাসের কারণে ওদের মা-বাবা মারা গেছেন, তাতে ওরাও আক্রান্ত হবে।
ওদের মধ্যে বড়টি ২১ বছরের, সেই তার ছোট তিন ভাইবোনকে নিয়ে কবরস্থানে চলে যায়।
তাদের প্রতিবেশিরা স্বীকার করেছে, ছেলেমেয়েগুলিকে তারা কোনো সাহায্য করার প্রস্তাব দেয়নি এবং সমাজচ্যুত করেছে।
প্রতিবেশি হযরত আলি জানিয়েছেন, তারা ভেবেছেন তারাও আক্রান্ত হতে পারেন, তাই ওদের গ্রামের বাইরে দূরে কোথাও গিয়ে থাকতে বলেছেন।
এনডিটিভিতে এই প্রতিবেদন প্রকাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিগৃহীত ওই শিশুদের প্রত্যেকের জন্য এক লাখ রুপি অনুদানসহ একটি বাড়ি বরাদ্দের ঘোষাণা দেন।
এরপরও কোনো আত্মীয় তাদের সাহায্যে এগিয়ে আসেনি।
স্থানীয় সরকারি কর্মকর্তা বিদ্যা ভূষণ বলেন, “আমরা তাদের একটি বাড়ির ব্যবস্থা করছি। তাদের মধ্যে দুজনকে স্কুলে পাঠানো হবে। গ্রামীণ চাকুরি প্রকল্পের আওতায় সবার বড়জনের চাকরির ব্যবস্থা করছি। কিন্তু সামাজিকভাবে একঘরে করে রাখার বিষয়ে আমরা কি করতে পারি।”
এই পরিস্থিতিতে এনডিটিভি’র তত্ত্বাবধানে ছেলেমেয়েগুলিকে তাদের দাদীর বাড়িতে পাঠানো হচ্ছে।
কিন্তু তাদের চাচা শর্ত দিয়েছেন, পরীক্ষায় ওদের শরীরে এইচআইভি ভাইরাস নেই এটি প্রমাণ হলেই কেবল ওদের সহায়তা করা হবে।
পরীক্ষার পর তারা এইচআইভি মুক্ত বলে প্রমাণিত হয়েছে।
কিন্তু সামাজিক অজ্ঞতা এবং বিরুপ পরিস্থিতির কারণে দাদীর বাড়িও তাদের জন্য স্থায়ী আশ্রয় নয় জেনেও তাদের যাকিছু সহায়-সম্বল রয়েছে তাই নিয়ে সেখানেই পাড়ি জমাচ্ছে।
