পাকিস্তানে জোড়া বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৫২
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকায় জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার পর উপজাতি অধ্যুষিত কুররাম এলাকার রাজধানী পারাচিনারে একটি বাজারের কাছে দুটি শিয়া মসজিদকে লক্ষ্য করে এ আত্মঘাতী বোমা হামলা হয়।
এর আগে হামলায় ৩৯ জন নিহত হওয়ার কথা জানানো হয়।
কুররাম অঞ্চলের প্রধান প্রশাসক রিয়াজ মাহসুদ জানান, আহতদের কয়েকজন রাতে মারা যাওয়ায় এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জন হয়েছে।
নিহতরা সবাই শিয়া বলে জানান তিনি।
আনসারুল মুজাহিদিন নামের একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।
