আফগানিস্তানে আল কায়েদা টিকে থাকছে মাত্র: যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে আল কায়েদা জঙ্গিরা কেবল টিকে থাকার চেষ্টা করছে।আগামী বছর পশ্চিমা বাহিনী দেশটি থেকে চলে যাওয়ার পরও তারা টিকে থাকবে।কিন্তু মারাত্মক ধরনের কোনো হামলা চালানোর সক্ষমতা তাদের আর নেই।
আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন মার্কিন কমান্ডার মেজর জেনারেল জোসেফ ওসটারম্যান একথা বলেছেন।
বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানে নেটো-নেতৃত্বাধীন বাহিনীর ডেপুটি অপারেশনস চিফ ওসটারম্যান বলেন, পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ নুরিস্তানে খুব কম সংখ্যক আল কায়েদা যোদ্ধা আছে।
তিনি বলেন, “তাদের সংখ্যা ১শ’রও কম।আমি বলব, এ অবস্থায় তারা আসলে টিকে থাকারই চেষ্টা করছে মাত্র”।
ফলে সেখানে আল কায়েদা শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর মতো অবস্থায় আছে বলে মনে করেন না ওসটারম্যান।
তবে নেটো কমান্ডাররা প্রায়ই নুরিস্তানে আল কায়েদা কমান্ডারদেরকে হত্যা করার দাবি করে আসলেও আফগান কমান্ডাররা বলছেন, ওই প্রদেশের কিছু এলাকা পুরোপুরি জঙ্গিদের দখলে চলে যাওয়ার ঝুঁকি আছে।
কিন্তু ওসটারম্যানের ভাষ্য, যুক্তরাষ্ট্র অনবরতই অভিযান চালিয়ে ওই অঞ্চলের আল কায়দা যোদ্ধাদের হত্যা করে তাদের অস্তিত্বকে দুর্বল করে দিচ্ছে।
