পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৩০ জুলাই
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৩০ জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৩০ জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ‘দ্য ডন’।
এ নির্বাচন ৬ অগাস্ট হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা ৩০ জুলাই নির্ধারণ করে সুপ্রিম কোর্ট।
নির্বাচনের সময়সূচি পরিবর্তনে সাংবিধানিক কোনো বাধা নেই- এটি নিশ্চিত হওয়ার পর বুধবার সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেয়।
আসন্ন এ নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী হিসাবে দেখা হচ্ছে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন)-এর প্রার্থী মামনুন হোসাইনকে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর মামনুন হোসাইন বর্তমানে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ আস্থাভাজন তিনি।
বুধবার তিনি ইসলামাবাদ হাইকোর্টে মনোনয়নপত্র দাখিল করেছেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সিনেটর রেজা রব্বানিও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের প্রার্থী হিসাবে বিচারপতি ওয়াজিহুদ্দিনকে মনোনীত করেছে।
