২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারের শিক্ষকদের বিনামূল্যে খাদ্য কর্মসূচি বর্জন

ভারতের বিহার রাজ্যের শিক্ষকরা স্কুলে বিনামূল্যে খাদ্য সরবরাহ (মিড ডে মিল) কর্মসূচিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।শিক্ষা-কাযর্ক্রমের বাইরে কোনো কাজে জড়িত হবেন না বলে জানিয়েছেন তারা।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

গত সপ্তাহে বিহারে ‘মিড ডে মিলে’র খাবার খেয়ে ২৩ শিশুর মর্মান্তিক মৃত্যুর পর শিক্ষকরা এ সিদ্ধান্ত নিলেন।বিহারের প্রায় ৩ লাখ প্রাখমিক স্কুলের শিক্ষকরা এ কর্মসূচি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বর্জন কর্মসূচি।প্রাথমিক স্কুল শিক্ষকদের অ্যাসোসিয়েশনের প্রধান বি শর্মা একথা জানিয়েছেন।বিবিসি এ খবর দিয়েছে।

‘মিড ডে মিল’ কর্মসূচির আওতায় স্কুলে শিশুদেরকে বিনা পয়সায় দুপুরের খাবার সরবরাহ করা হয়।বিহার সরকার এ কর্মসূচির মধ্য দিয়ে ‘খাদ্যের বিনিময় শিক্ষা’র বড় ধরনের কর্মসূচি পরিচালনা করছে।এ প্রকল্পের আওতায় আনা হয়েছে দেশব্যাপী প্রায় ১২ লাখ স্কুলের ১২ কোটি শিশুকে।

ভারতে স্কুলে পড়ুয়া শিশুদের অর্ধেকই পুষ্টিহীনতার শিকার হওয়ার কারণে এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ানো যাবে বলে মনে করেন দেশটির শিক্ষাবিদরা।কিন্তু সরবরাহ করা খাবার প্রায়ই অস্বাস্থ্যকর হয়ে থাকে।

গত সপ্তাহে ভারতের অন্যতম জনবহুল ও দরিদ্র রাজ্য বিহারের সারান এলাকায় একটি স্কুলে দুপুরের খাবার খেয়ে ৫ থেকে ১২ বছর বয়সী ৪৭ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে ২৩ জন মারা যায়।

তাদের খাওয়া ওই খাবারের নমুনা এবং এতে ব্যবহৃত তেল পরীক্ষা করে কৃষিকাজে ব্যবহৃত উচ্চমাত্রার কীটনাশক পাওয়া গেছে। পুলিশ বুধবার ওই স্কুলের অধ্যক্ষ মীনা কুমারীকে গ্রেপ্তার করেছে।

পলাতক এ নারীকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। অবশেষে আদালতে আত্মসমর্পণ করতে যাওয়ার পথে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিহারের সারান জেলার পুলিশ সুপারইনটেনডেন্ট সুজিত কুমার।