২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে থানায় বোমা হামলা, নিহত ১

মিশরের রাজধানী কায়রোর উত্তরের দাখালিয়া প্রদেশের একটি থানায় বোমা হামলা হয়েছে। এতে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jul 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার ভোরে দাখালিয়ার প্রাদেশিক রাজধানী মানসুরায় এ হামলা হয় বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও নিরাপত্তা সূত্রগুলো।

অজ্ঞাত হামলাকারীরা একটি চলন্ত গাড়ি থেকে বোমাটি নিক্ষেপ করে।

হামলার পরপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে ১২ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল।

রাজধানী কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নয়জন নিহত হওয়ার একদিন পর এ বোমা হামলা চালানো হল।

২০১২ সালে মিশরের ইতিহাসে প্রথম অবাধ গণতান্ত্রিক নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সমর্থন মুরসিকে বিজয়ী করে।

কিন্ত মুরসিবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে তাকে ক্ষমতা থেকে অপসারণ করে সেনাবাহিনী। একে সেনাঅভ্যুত্থান বলে অভিহিত করে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার বিরোধিতা করে ব্রাদারহুড।

এতে মিশরজুড়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসির পক্ষে-বিপক্ষে গভীর বিভক্তি তৈরি হয়। ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বিক্ষোভ প্রদর্শন করে আসছে ব্রাদারহুড ও মুরসি সমর্থকরা। এরপর থেকে বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত সেনাসহ অন্তত ১শ’ জন নিহত হয়েছেন।

বুধবার দিনের শুরুতেও কায়রোতে মুরসি সমর্থকদের এক সমাবেশে চালানো হামলায় দুই মুরসি সমর্থক নিহত হয়েছেন। কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে মুরসি সমর্থকদের ওই প্রতিবাদ সমাবেশে মঙ্গলবার সকাল থেকে সহিংসতা শুরু হয়।

বুধবার ভোররাত পর্যন্ত চলা সহিংসতায় অন্তত ৯ জন নিহত হয়।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কাছের এই স্থানটিতে টানা প্রতিবাদ সমাবেশ করে আসছে ব্রাদারহুড ও মুরসি সমর্থকরা।

পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে, স্থানটিতে জড়ো হওয়া শত শত মুরসি সমর্থকের সঙ্গে স্থানীয় অধিবাসী, ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতা ও অন্যান্যদের সংঘর্ষ হয়।