রাজঅতিথিকে দেখার অপেক্ষায় বিশ্ব, অভিনন্দনের বন্যা
যুক্তরাজ্যের রাজদম্পতি উইলিয়াম ও কেইটকে তাদের ছোট্ট সদস্যের সঙ্গে দেখা যাবে কবে? সম্ভবত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর।
সে অপেক্ষারই প্রহর গুনছে বিশ্ববাসী। যখন সেইন্ট মেরি’স হাসপাতালের সিঁড়িতে দাঁড়িয়ে তারা নতুন অতিথি আসার আনন্দ ভাগ করে নেবেন অগণিত উৎসুক মানুষের সঙ্গে।
তবে কেইট কখন হাসপাতাল ছাড়বেন সে বিষয়টি নির্ভর করছে মা ও শিশুর শারীরিক অবস্থার ওপর।
মঙ্গলবার সকালেই নবজাতককে দেখতে হাসপাতালে গেছেন তার নানা-নানী ক্যারেল ও মাইকেল মিডলটন। মা ও শিশুর সর্বাত্মক যত্ন নেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।
কেইট মিডলটনের বাবা-মা এদিন বিকাল অথবা বুধবার সকাল পর্যন্ত হাসপাতালেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। আর তাই খুব সম্ভবত বুধবারের আগে হাসপাতাল ছাড়ছেন না নবাগত রাজঅতিথি আর তার মা ডচেস অব কেমব্রিজ।
গরম উপেক্ষা করে অসংখ্য মানুষ ইতোমধ্যেই ভিড় জমিয়েছে হাসপাতালের বাইরে। সেখানে ক্যামেরা নিয়ে অপেক্ষায় আছে চিত্রসাংবাদিকরা।
কেইট আর উইলিয়াম নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে বেরুলেই তার ছবি তুলে নেয়ার অপেক্ষায় আছে তারা। ভিড় জমছে বাকিংহাম প্যালেসের বাইরেও।
২২ জুলাই বিকেলেই জন্ম নিয়েছে নতুন এই রাজঅতিথি। রানিসহ রাজপরিবারের সবাই এ সুখবর জানার পরে চিরাচরিত প্রথা অনুযায়ী, নকশাকাটা কাঠের ফ্রেমে লেখেন খবরটি।
গোটা বিশ্ব যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজার এই জন্মকে অভিনন্দনের বন্যায় ভাসিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী - সবাই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন উইলিয়াম এবং কেইটকে।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাজদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দারুণ মুহূর্ত। তাদের জন্য খুশি গোটা দেশ।”
নবজাতকের শুভ কামনা করে অভিনন্দন বার্তা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড এবং কেন্টারবারির আর্চবিশপও।প্রতিমিনিটে ২৫ হাজারেরও বেশি টুইটে রাজ অতিথির জন্য অভিনন্দন বার্তা আসে।
এখনো গোটা বিশ্ব আর গণমাধ্যমের নজর এদিকে। সিংহাসনের এ তৃতীয় উত্তরসূরি দেখতে কেমন? তার নাম কি হবে? চুলের রঙ কেমন হবে? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।
কর্তব্যরত চিকিৎসক মার্কাস স্টেচাল অবশ্য এরই মধ্যে জানিয়েছেন, ক্ষুধে রাজপুত্র ‘ভারী চমৎকার’ হয়েছে।রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, “ভারী চমৎকার বাচ্চা, খুবই সুন্দর হয়েছে শিশুটি।”
তার জন্য রাজপরিবারের ঐতিহবাহী জর্জ এবং জেমস নামই এখন পর্যন্ত আছে পছন্দের তালিকায়।
বিশ্ববাসীকে রাজপরিবারের রীতি অনুযায়ীই নবজাতককে দেখানো হবে। তাকে স্বাগত জানানো হবে লন্ডনের গ্রিন পার্কে ৪১ বার তোপধ্বনি দিয়ে এবং ওয়েস্টমিনস্টার অ্যাবির ঘণ্টাধ্বনি বাজিয়ে।
কিন্তু যাকে দেখার জন্য এত অপেক্ষা তার দেখা পাওয়া হাসপাতাল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই সম্ভব হবে না বলেই জানাচ্ছেন রাজ বিশেষজ্ঞরা।
কারণ, রাজদম্পতি হাসপাতাল থেকে বেরোনোর সময় নতুন প্রিন্সকে লোকচক্ষুর আড়ালেই রাখবেন। ওই সময় কেবল তার মাথার অপরের অংশটুকু মানুষের দৃষ্টিগোচর হতে পারে। বলেছেন, ম্যাজিস্টি ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর জো লিটিল।
১৯৮২ সালে একই হাসপাতালে প্রিন্সেস ডায়ানা জন্ম দিয়েছিলেন উইলিয়ামকে। তার স্বামী যুবরাজ চার্লসও তখন ছিলেন তাঁর পাশে। হাসপাতালে ভর্তির ১৬ ঘণ্টা পর ভূমিষ্ঠ হয়েছিল প্রিন্সেস অফ ওয়েলস-এর প্রথম সন্তান। তাদের দ্বিতীয় সন্তান হ্যারি জন্মেছিলেন ভর্তির ৯ঘণ্টা পর।
কেইটকে অবশ্য এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি।
