মিশরে সংবিধান সংস্কারের কাজ শুরু
মিশরে ইসলামপন্থীদের প্রণীত বর্তমান সংবিধান সংস্কারের কাজ শুরু হয়েছে। নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সেনাবাহিনী ঘোষিত পরবর্তী নির্বাচনের পথে এটি প্রথম বড় পদক্ষেপ।
রোববার আইনি বিশেষজ্ঞদের একটি প্যানেল ইসলামী দৃষ্টিভঙ্গী প্রভাবিত সংবিধান সংশোধনের কাজ শুরু করেছেন।
নতুন অর্ন্তবর্তী প্রেসিডেন্টের সংবিধান বিষয়ক উপদেষ্টা বিচারপতি আলী আওয়াদ সালেহ রোববার প্যানেলের প্রধান হিসেবে কাজ শুরু করেছেন। তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য প্যানেল আগামী সপ্তাহ জুড়ে দেশের নাগরিক, রাজনৈতিক দল ও সব পক্ষের মতামত গ্রহণ করার জন্য কাজ করবে।
একইদিন মুরসি সমর্থক মুসলিম ব্রাদারহুডও নতুন অন্তবর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে বিক্ষোভে মিছিল করেছে। পাশাপাশি সংবিধান সংশোধনেরও নিন্দা জানিয়েছে ইসলামপন্থী গোষ্ঠিটি। ইসলামী দৃষ্টিভঙ্গী সংবলিত সংবিধানটি ব্রাদারহুড প্রভাবিত পার্লামেন্টই প্রণয়ণ করেছিল।
গত ৩ জুলাই মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। ৩০ জুন মুরসির পদত্যাগের দাবীতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জের ধরে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার বিরোধীতা করে সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যূত্থানের অভিযোগ করে মুসলিম ব্রাদারহুড। এরপর থেখে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সেনাবাহিনীর কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ প্রদর্শন করে আসছে তারা।
অপরদিকে, অভ্যূত্থানের অভিযোগ অস্বীকার করে দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষার জন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে বলে দাবী করেছে সেনাবাহিনী।
নির্বাচিত বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আগামী ছয়মাসের মধ্যে দেশে নতুন নির্বাচন আয়োজন করার পরিকল্পনা পেশ করেছে সেনাবাহিনী, ইসলামপন্থীদের প্রণীত সংবিধান সংশোধন করারও পদক্ষেপ নিয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে সংবিধান সংশোধন করার লক্ষ্যে ১০ জন আইনী বিশেষজ্ঞের একটি প্যানেল গঠন করা হয়েছে। প্যানেল ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্যানেলের সংশোধনের পর আইনী বিশেষজ্ঞদের আরো ব্যাপক ভিত্তিক একটি পরিষদ সংশোধিত সংবিধান পর্যালোচনা করে দেখবে।
ব্রাদারহুড প্রণীত মিশরের বর্তমান সংবিধান একটি গণভোটের মাধ্যমে বৈধতা পেয়েছিল। কিন্তু সংবিধানটিতে মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার ও সামজিক ন্যায়বিচার নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ সমালোচকদের।
মিশরের প্রধান ধর্মনিরপেক্ষ জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের মুখপাত্র খালেদ দাউদ সংবিধান সংশোধনের কাজ শুরু হওয়াকে স্বাগত জানিয়ে এ পদক্ষেপকে “দারুন অগ্রগতি” বলে মন্তব্য করেছেন।
