২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউস সংবাদদাতা হেলেন থমাস আর নেই

জন এফ কেনেডি থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত প্রায় ৫ দশকব্যাপী যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টকে নিয়ে প্রতিবেদন তৈরি করা পথিকৃৎ হোয়াইট হাউস সংবাদাতা হেলেন থমাস ৯২ বছর বয়সে মারা গেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 05:20 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

দীর্ঘ দিন রোগে ভোগার পর শনিবার ওয়াশিংটনে নিজ বাড়িতে তিনি মারা যান।রোববার ওয়াশিংটনের সাংবাদিক সংগঠন গ্রিডিরন ক্লাব এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির অফিস ও বাসভবন হোয়াইট হাউসের সংবাদাতা হিসেবে দীর্ঘ ৪৯ বছরের কর্মজীবন তার। দীর্ঘ কর্মজীবনে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) ও হার্স্ট সংবাদপত্রের হোয়াইট হাউজ সংবাদাতা হিসেবে কাজ করেছেন তিনি।

একজন অগ্রণী সাংবাদিক হিসেবে নারী সংবাদিকদের জন্য বিরাজমান বিভিন্ন ধরনের বাধানিষেধের দেয়াল তিনি ভেঙে দেন।১০ টি প্রেসিডেন্টের প্রশাসন বিষয়ক সংবাদ দেয়া ছাড়াও প্রেসিডেন্টসহ প্রশাসনিক কর্মকর্তাদেরকে আক্রমণাত্মক প্রশ্ন করার জন্যও সুপরিচিত ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বহু সংবাদ সম্মেলন করেছিলেন থমাস। সংবাদ সম্মেলন তিনি শেষ করতেন তার বিশেষ ভঙ্গিতে “থ্যাংক ইউ, মি প্রেসিডেন্ট” বলে, যা সর্বব্যাপী পরিচিত দৃশ্য হয়ে উঠেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তথ্যমন্ত্রীদের তীক্ষèপ্রশ্নবানে জর্জরিত করতেন তিনি। প্র্রশ্ন করার ধরনটি ছিল তার একান্তই নিজস্ব যা অনেকের কাছে একগুঁয়েমি বলে মনে হতো। পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের কাছে তার ধরণ অনেক বেশি আক্রমণাত্মক ও উদ্দেশ্যেমূলক।

এক বিবৃতিতে তার আক্রমণাত্মক প্রশ্ন করার ধরনের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, “তিনি (থমাস) দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, কঠিন প্রশ্ন করে নেতাদের জবাবদিহিতার মধ্যে আটকে রাখার মাধ্যমেই আমাদের গণতন্ত্র সবচেয়ে কার্যকর হয়।”

ওবামা আরো বলেন, “তার দীর্ঘ কর্মজীবনে তিনি প্রেসিডেন্টদের (আমি সহ) বুড়ো আঙুলের ওপর দাঁড় করাতে কখনো ব্যর্থ হননি।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন থমাসকে “পথ প্রদর্শক সাংবাদিক” হিসেবে অভিহিত করেন।

কর্মজীবনের শেষ দশ বছর তিনি হার্স্টের কলাম লেখক হিসেবে কাজ করেন। কিন্তু ইসরায়েল নিয়ে করা নিজের এক বিরূপ মন্তব্যের কারণে সমালোচনার মুখে হার্স্টের চাকরি ছেড়ে দেন তিনি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া তার ওই মন্তব্যের ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ইসরায়েলের উচিত ফিলিস্তিনের ভূমি ছেড়ে দেয়া। তবে তার বক্তব্য ছিল অনেকটা এ রকম, “ফিলিস্তিন ছেড়ে ইসরায়েলের নরকে যাওয়া উচিত।”

পরবর্তীতে নিজের এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। তার কভার করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে জর্জ বুশকে সবচেয়ে বেশি আক্রমণ করে বিপর্যস্ত করেন তিনি।