২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত নাভালনি

অর্থ আত্মসাতের অভিযোগে সাজা পাওয়া রাশিয়ার সরকারবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে জামিনে মুক্তি দিয়েছে দেশটির একটি আদালত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jul 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার তিনি ‍মুক্তি পেলেও তার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে নাভালনি তার সাজার বিরুদ্ধে আপিলের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

কিরোভের আঞ্চলিক আদালতের তিন বিচারক সিদ্ধান্ত নেন, মামলা চলাকালীন নাভালনি যেহেতু জামিনের শর্ত ভঙ্গ করেননি, সেকারণে তাকে আপিলের রায় ঘোষণার আগ পর্যন্ত মস্কোয় নিজবাড়িতে অবস্থানের সুযোগ দেয়া যেতে পারে।

তবে অর্থ আত্মসাতের মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পুতিনবিরোধী এই নেতা।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ এবং দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় প্রচার চালিয়ে আসা নাভালনির (৩৭) বিচারের রায় বৃহস্পতিবার ঘোষণা করে আদালত।

উচ্চ আদালতে আপিলেও রায় বহাল থাকলে রাজনীতিতে নিষিদ্ধ হবেন নাভালনি। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও রাজধানী মস্কোর আগামী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

সরকারের জন্য কাঠ কেনার এক চুক্তি থেকে ৫ লাখ ডলার অর্থ আত্মসাতের ষড়যন্ত্রের কারণে আদালত নাভালনিকে দোষী সাব্যস্ত করে। ঘটনার সময় কিরোভ অঞ্চলের গভর্নর নিকিতা বেলিখের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সরকারি কৌসুলিরা তার বিরুদ্ধে ছয় বছরের কারাদণ্ডের আবেদন জানালেও বিচারক সের্গেই ব্লিনভ ৫ বছরের জেল দেয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু নাভালনির দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিচার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কিরোভের আদালতের রায় শোনানোর জন্য নাভালনিকে মস্কো থেকে প্রায় ১২ ঘন্টার রেলভ্রমণ করিয়ে নিয়ে যাওয়া হয়। মস্কোয় তার সমর্থকরা আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করার শপথ নিয়েছে।

ওদিকে, হাতকড়া পরিয়ে নাভালনিকে নিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে তিনি নিজেও সমর্থকদেরকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। টুইটারে নাভালনি লেখেন, “কিছু না করে নিশ্চুপ বসে থেকোনা’।