কাশ্মীরে বিক্ষোভ, গুলিতে নিহত ৬
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’ এর গুলিতে ভারত-শাসিত কাশ্মীরের ৬ জন বিক্ষোভকারী নিহত ও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কি কারণে বিক্ষোভ হয়েছে তা স্পষ্ট জানা না গেলেও গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ পবিত্র কুরআন অবমাননা করেছে বলে খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু হয়।
জম্মুতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা রাম্বান এলাকায় বিএসএফ এর ক্যাম্পের বাইরে জড়ো হয়।কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে রাজধানী শ্রীনগরেও রাস্তায় নামে জনতা।
রাম্বানের গুল এলাকায় বিএসএফ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।
বিএসএফ এর ইন্সপেক্টর জেনারেল রাজিব কৃষাণ এক সংবাদ সম্মেলনে বলেন, “বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বিএসএফ সদস্য ও পুলিশ গুলি চালায়।আত্মরক্ষার্থেই এ পদক্ষেপ নেয়া হয়েছে”।
কর্তৃপক্ষ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে।ঘটনার প্রতিবাদে শুক্রবার হরতালের ডাক দিয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা।
