২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থূলতা হাড়ের রোগের ঝুঁকি বাড়ায়

অতিশয় স্থূলতা বা মেদবাহুল্য হাড়কে দুর্বল করে ভঙ্গুর করে তুলতে পারে।ফলে অতিকায় স্থূল মানুষদের হাড়ের রোগ অস্টিওপোরোসিসে ভোগার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের গবেষকরা গবেষণা করে দেখেছেন, বেশি ওজনের মানুষদের হাড়ের ভেতরে চর্বি জমে থাকে।এতে করে হাড় দুর্বল হয়ে পড়া এবং যে কোনো সময়ই ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

স্বাস্থ্যবান স্থূলকায় ১০৬ জন নারী-পুরুষের দেহ স্ক্যান করে এ তথ্য পেয়েছে বস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক দল।‘রেডিওলজি’ সাময়িকীতে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দেহের স্ক্যান রিপোর্ট থেকে গবেষকরা জেনেছেন, স্থূলকায় মানুষদের পেট, নিতম্ব এবং উরু ছাড়াও পাকস্থলী, পেশী এমনকি অস্থি মজ্জার মতো আরো ভেতরের অংশেও চর্বি জমে থাকে।

গবেষক ড: মিরিয়াম ব্রেডেলা বলেন, আপেল-আকৃতির যে সব মানুষের কোমরের চারপাশে ওজন বেশি তাদের হাড়ের ক্ষয়জনিত রোগে ভোগার ঝুঁকিও অনেক বেশি।

চর্বিযুক্ত কোষগুলোতে অস্থিমজ্জা ছেয়ে যেতে থাকলে তা হাড়কে ভঙ্গুর করে তোলে বলে জানান ব্রেডেলা।মেরুদণ্ডে চর্বি জমলেও সেটি আর শক্তসমর্থ্য থাকবে না বলে জানান তিনি। ব্রেডেলা আরো বলেন, “একসময় মনে করা হত স্থূলতা হাড়কে সুরক্ষিত রাখে।কিন্তু গবেষণায় এ ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে।” ফলে মুটিয়ে না গিয়ে বরং স্লিম থাকাটাই এদিক থেকে উপকারী বলে অভিমত গবেষকদের।