২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি : কূটনৈতিক প্রচেষ্টায় কেরি

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা আবার শুরু করার লক্ষ্যে আরব নেতাদের সঙ্গে বৈঠক করতে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jul 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার জর্দানের রাজধানী আম্মানে আরব কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেখানে জর্দান ও আরব লিগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ উদ্দেশ্যে সোমবার রাতে ওয়াশিংটন ছেড়েছেন কেরি।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় ২০০২ সালে প্রস্তাবিত একটি শান্তি প্রস্তাব এগিয়ে নেয়ার চেষ্টা করবেন কেরি।

ওই প্রস্তাবে, আরব দেশগুলোর ইসরায়েল রাষ্ট্রকে পুরোপুরি স্বীকার করে নেয়ার বিনিময়ে ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের দখলকৃত আরব ভূমিগুলো ছেড়ে দেয়ার কথা রয়েছে।

পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য “তাৎক্ষণিক সমাধানের” ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে।

তবে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে এই শান্তি আলোচনা হবে কিনা তা নিয়ে কূটনৈতিক ও মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মধ্যে গভীর সন্দেহ রয়েছে। এটিকে সিরিয়ার গৃহযুদ্ধ, মিশরের প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনীর ক্ষমতাচ্যুত করা ও ইরানের নিউক্লিয়ার অস্ত্র তৈরির সম্ভাব্য প্রচেষ্টার বাইরে একটি পার্শ্ববর্তী বিষয় হিসেবে দেখছেন তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি এই শান্তি প্রচেষ্টার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু তিনি নিজে এবং অন্য একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা কেরির এই প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “যদি কোনো সম্ভাবনা না থাকতো তাহলে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চয় ওই অঞ্চলে আবার যেতেন না। আরব লিগের প্রতিনিধিদের সঙ্গে বসে তিনি আলোচনা সামনে এগিয়ে নেয়ার জন্য পদক্ষেপ নেবেন। কিন্তু এর বাইরে আমি কোনো ঘোষণা বা অনুমান প্রকাশ করবো না।”

সফরে দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ নিয়েও আরব কর্মকর্তাদের সঙ্গে কেরির কথা বলার সম্ভাবনা আছে বলে জানান তিনি। এছাড়া কায়রো সফররত সহকারী উইলিয়াম বার্নসেরও সঙ্গেও কথা বলতে কেরি প্রস্তুত আছেন বলে জানান সাকি।

রামাল্লা থেকে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, শান্তি আলোচনা আবার শুরু করার প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার অথবা বুধবার আম্মানে কেরির সঙ্গে দেখা করবেন।