২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ার কাছে স্পেনের ক্ষমা প্রর্থনা

রাশিয়া থেকে দেশে ফেরার পথে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে বহনকারী বিমানকে আকাশপথ ব্যবহার করতে না দেয়ার জন্য সোমবার বলিভিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেছে স্পেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jul 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

যুক্তরাষ্ট্রের ফেরারি সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন বলিভিয়ার প্রেসিডেন্টের বিমানে আছেন, ভিত্তিহীন এমন একটি অনুমানের সূত্র ধরে ওই বিমানকে নিজ আকাশ পথ ব্যবহারের অনুমতি বাতিল করেছিল পশ্চিম ইউরোপের চারটি দেশ।

এ কারণে মোরালেসকে বহনকারী বিমানটি অস্ট্রিয়ার ভিয়েনায় নামতে বাধ্য হয়, দেশে পৌঁছতে বিলম্ব হয় মোরালেসের।

এই ঘটনার জন্য স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও ইতালিকে দায়ী করেছে বলিভিয়া।

ভিয়েনা বিমানবন্দরে নামার পর স্নোডেনের খোঁজে মোরালেসের বিমানে তল্লাশি চালানো হয়। কিন্তু স্নোডেন সেখানে ছিলেন না।

স্পেনের ক্ষমা প্রার্থনার চিঠিটি সোমবার বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন বলিভিয়ায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত অ্যাঞ্জেল ভাসকুয়েজ।

এরপর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “ভিয়েনা বিমানবন্দরে আমাদের প্রতিনিধিরা যে পদ্ধতি অনুসরণ করেছে তা যে সবচেয়ে ভালো পন্থা ছিল না আমরা প্রকাশ্যে তা স্বীকার করছি। এই ঘটনার জন্য আমরা দুঃখিত, এতে প্রেসিডেন্টকে বিব্রত করা হয়েছে, তাকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া হয়েছে।”

গত সপ্তাহে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল গার্সিয়া-মারগালো বলেছিলেন, মোরালেসকে বিব্রত করার জন্য তার দেশ ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত। তবে মোরালেসের বিমানের জন্য স্পেনের আকাশপথ বন্ধ করে দেয়া হয়েছিল এমন তথ্য অস্বীকার করেন তিনি।