২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মসজিদে বোমা হামলা, নিহত ২৩

সারাদিন রোজা রাখার পর ইফতার সেরে নামাজ পড়তে যেয়েই আবার বোমার মুখে পড়লেন ইরাকের রোজাদারদা। সুন্নিদের মসজিদের কাছে চালানো এসব বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jul 2013, 08:04 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার রাজধানী বাগদাদে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।

বাগদাদের পশ্চিমাংশের জামিয়া এলাকায় মোল্লা ওয়াইস মসজিদের কাছে একটি বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটানো হলে অন্তত সাতজন নিহত হন।

এছাড়া বাগদাদের দক্ষিণাংশের দৌরা আবাসিক এলাকায় এক আত্মঘাতী বোমাহামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলে ঘটনাস্থলে ১৬ জন নিহত হন।

দৌরার ঘটনাস্থল থেকে এক পুলিশ সদস্য জানান, এলাকার খালিদ বিন ওয়ালিদ মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় মুসল্লিদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

শক্তিশালী বোমাটির বিস্ফোরণের ধাক্কায় হতাহতদের দেহগুলো চারপাশে ছিটকে পড়ে বলে জানিয়েছেন তিনি।

কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার করেনি।

সম্প্রতি প্রায় প্রতিদিনই ইরাকজুড়ে বোমা হামলা ও বন্দুক হামলা চালানো হচ্ছে। শিয়া-সুন্নি দ্বন্দ্বই এসব হামলা, পাল্টা হামলার মূল কারণ। সংখ্যাগরিষ্ঠ শিয়াদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাতে সংখ্যালঘু সুন্নিরা শিয়াদের লক্ষ্য করে একের পর এক হামলা পরিচালনা করছে।

এসব হামলার প্রতিশোধ নিতে শিয়ারাও পাল্টা হামলা চালাচ্ছে। শনিবার যে দুটি মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা ছিল সুন্নি মসজিদ।

চলতি মাসে এসব হামলা-পাল্টা হামলায় ৩৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠি ‘ইরাক বডি কাউন্ট’।