অন্তর্কলহে সিরিয়ার বিদ্রোহীরা, এফএসএ কমান্ডার নিহত
সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের মধ্যে অন্তর্কলহ বাড়ছে। এর জেরে আল কায়েদা সংশ্লিষ্ট আরেকটি প্রতিদ্বন্দ্বী দলের হাতে নিহত হয়েছেন ফ্রি সিরিয়ার আর্মি (এফএসএ)’র এক উচ্চপদস্থ কমান্ডার।এফএসএ’র মুখপাত্র একথা জানিয়েছেন।
আল কায়েদার ইরাক শাখা ‘ইসলামিক স্টেট অব ইরাক’ ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সুপ্রিম মিলিটারি কাউন্সিলের সদস্য কামাল হামামিকে হত্যা করেছে বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়াতে যুদ্ধ পরিকল্পনা নিয়ে হামামির সঙ্গে এক বৈঠকের পর তাকে হত্যা করা হয়।
এফএসএ’র মুখপাত্র কাসেম সাদেদ্দিন জানান, কামাল চলমান আসাদ বিরোধী যুদ্ধের নীতি কৌশল নিয়ে ইরাকে ইসলামপন্থী গোষ্ঠিটির সঙ্গে বৈঠক করেছিলেন।
এফএসএ’র বাকি সব শীর্ষ নেতাকে হত্যা করা হবে বলেও ওই গ্রুপ হুমকি দিয়েছে বলে জানান তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের মধ্যে গত কয়েকমাস ধরে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং সহিংসতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে। এ বিরোধের জের ধরেই সিরিয়ার বাইরে বিদ্রোহীদের গঠন করা অস্থায়ী সরকারের নেতৃত্বে একের পর এক পরিবর্তন আসতে দেখা যায়।
সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের ফলে যুদ্ধরত আধুনিক চিন্তা-চেতনায় বিশ্বাসী ও রক্ষণশীল ইসলামপন্থীদের মধ্যে বিরোধের বিষয়টি আরো ঘণীভুত হল।
ফ্রি সিরিয়ান আর্মি চায় সিরিয়ায় আসাদের পতনের পর একটি ধর্ম নিরপেক্ষ সরকার গড়তে। বিপরীতে ইসলামপন্থী একাধিক বিদ্রোহী গোষ্ঠী সেখানে আসাদকে হটিয়ে একটি ইসলামী শরিয়াভিত্তিক সরকার গঠনের দাবি তুলেছে।
আধুনিক চিন্তায় বিশ্বাসী মুসলিম ও রক্ষনশীল ইসলামপন্থীদের মধ্যে বিরোধ ২০১১ সালে শুরু হওয়া আরব বসন্তের একটি উল্লেখ যোগ্য বৈশিষ্ট্য। তিউনিশিয়া, লিবিয়া, মিশর, ইয়েমেনসহ আরব বসন্তের পর ক্ষমতার পালাবদল হওয়া দেশগুলোতেও একই সমস্যা লক্ষ্য করা গেছে।
সম্প্রতি ইরাকে ইসলামপন্থীদের হাতে নিহত কামাল হামামি আবু বাশির আল লাদকানি নামেও পরিচিত ছিলেন। তিনি ফ্রি সিরিয়ান আর্মির একটি সেনা ব্রিগেডের প্রধান হিসেবে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন।
