স্নোডেন বিষয়ে চীনকে তিরস্কার যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের ফেরারি সাবেক গোয়েন্দা বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার ব্যর্থতার জন্য চীনের ওপর “অসন্তুষ্ট” হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার চীনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে যুক্তরাষ্ট্রের এ মনোভাব তুলে ধরেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস।
স্নোডেনের ক্ষেত্রে বেইজিং যুক্তরাষ্ট্র-চীন দ্বিপাক্ষিক মিত্রতার জন্য প্রয়োজনীয় “বিশ্বাস”কে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে চীনের বক্তব্য, হংকং তার নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসি জানায়।
চীনের সঙ্গে দুইদিনব্যাপী বাণিজ্য ও সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনার শেষ হওয়ার পর ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বার্নস এসব কথা বলেন।
তিনি বলেন, “স্নোডেনের বিষয়ে বেইজিং ও হংকংয়ের কর্তৃপক্ষ যে ভূমিকা রেখেছে তাতে আমরা অসন্তুষ্ট, বিভিন্ন জটিল বিষয় সমাধানের জন্য আমাদের বিশ্বাস তৈরি প্রচেষ্টাকে এতে অবজ্ঞা করা হয়েছে।”
এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ইয়াং জিয়িচি বলেছেন, হংকং তার নিজস্ব আইন অনুযায়ী কাজ করেছে, তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো কোনো সুযোগ ছিল না।”
বিশ্বব্যাপী ইন্টারনেট ও ফোনে আঁড়িপাতার যুক্তরাষ্ট্রের গোপন শীর্ষ গোয়েন্দা কর্মসূচী ফাঁস করে দিয়ে দেশটির রোষানলে পড়েছেন স্নোডেন। ফাঁস করার পরপরই তিনি যুক্তরাষ্ট ছেড়ে হংকং চলে যান। হংকংয়ে অবস্থানকালে নিজের অবস্থান ও গোয়েন্দা কর্মসূচী ফাঁস করেছেন বলে গণামধ্যমের কাছে ঘোষণা দেন স্নোডেন।
রাষ্ট্রের পক্ষ থেকে স্নোডেনের নামে মামলা করে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের জন্য বিরাজমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হংকংয়ের কাছে অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া না দিয়ে স্নোডেনকে রাশিয়া যাওয়ার জন্য ভ্রমণ ভিসা মঞ্জুর করে হংকং।
এরপর থেকে রাশিয়ার একটি আন্তর্জাতিক বিমান বন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন স্নোডেন। রাশিয়া জানিয়েছে, ট্রানজিট এলাকায় থাকা স্নোডেন আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ এলাকায় আছেন এবং তিনি রাশিয়ায় প্রবেশ করেননি, তাই যুক্তরাষ্ট্র চাইলেও স্নোডেনের বিষয়ে তারা কিছু করতে পারবে না।
বিশ্বের ২১টি দেশের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন স্নোডেন। বেশিরভাগ দেশ তার প্রার্থনা নামঞ্জুর করলেও বলিভিয়া, নিকারাগুয়া ও ভেনিজুয়েলা তার প্রার্থনা মঞ্জুর করেছে।
