সিচুয়ানে ভূমিধসে প্রায় ৪০ জন নিখোঁজ
চীনের সিচুয়ান প্রদেশের দুজিয়াঙ্গান শহরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ৩০ থেকে ৪০ জন মানুষ চাপা পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা প্রশিক্ষিত কুকুর দিয়ে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার জিঙ্গু শহরের নিকটবর্তী একটি সেতু ভেঙ্গে গেলে অন্ততপক্ষে ১২ জন নিখোঁজ হয়েছেন।
কয়েকদিনের ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় সিচুয়ান ও ইউনান প্রদেশের শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে যায়। পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় ৩৬ হাজার অধিবাসীকে জোর করে ওই অঞ্চল দুটি থেকে সরিয়ে নেওয়া হয়।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি ধসে যাওয়া কারখানার একটি ফ্লোরের ওপর একজন শ্রমিক দাঁড়িয়ে আছেন আর তাকে নাটকীয়ভাবে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা।
বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভূমিধসের ঘটনা চীনের পার্বত্যাঞ্চলের একটি সাধারণ বিষয়। প্রতি বছর এসব ঘটনায় দেশটিতে শত শত মানুষ মারা যায়। বন উজার হয়ে যাওয়াও ভূমিধসের অন্যতম কারণ।
দুজিয়াঙ্গানের জোজিং এ ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ো ভূমিধসে অন্ততপক্ষে ১১টি বাড়ি ধ্বংস হয়ে যায়। ২০০৮ সালে এই জোজিং-এই ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা শুধু জানি ১১টি পরিবার ভূমিধসে চাপা পড়েছে। সেখানকার ২ শতাধিক অধিবাসীকে সরিয়ে আনা হয়েছে।”
