মিশরে সেনা হস্তক্ষেপ মেনে নেয়া যায় না: ইরান
মিশরের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছে ইরান।ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব শক্তিশালী মিশর দেখতে চায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাকচি।
তবে তার এ মন্তব্য আগের প্রতিক্রিয়ার চেয়ে আরো বেশি কড়া।এর আগে তিনি মিশরের জনগণের আইনগত দাবি পূরণের আহ্বান জানিয়েছিলেন।
সোমবার তিনি বলেন, “মিশরের রাজনৈতিক ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনক”।মিশরের বর্তমান পরিস্থিতিতে জনগণের বৈধ দাবিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করাটা সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেন তিনি।
মিশরের সমাজকে বিভেদ, অনৈক্য এবং মেরুকরণের দিকে ঠেলে দেয়া অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে আব্বাস বলেন, “এ সব ঘটনা একসঙ্গে ঘটছে এবং পরিস্থিতিকে জটিল করে তুলেছে।”
মিশরে বিদেশি ষড়যন্ত্র চলছে একথা উড়িয়ে দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এবং ইসরাইল নিঃসন্দেহে শক্তিশালী মিশর দেখতে চায় না। ফলে তারা মিশরের বিষয়ে নাক গলাবে এটাই স্বাভাবিক।
