মহাবোধি মন্দিরে বোমা হামলা: সন্দেহভাজন গ্রেপ্তার
ভারতের বিহার রাজ্যের মহাবোধি মন্দিরে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনোয়ার হুসেন মল্লিক ‘ভারতীয় মুজাহিদিন’র সদস্য।
রোববার তাকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে এক লাখ ৯০ হাজার রুপীর জাল নোটসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
রোববার ভোরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান তীর্থকেন্দ্র বৌদ্ধগয়া জেলার মহাবোধি মন্দিরে পর পর আটটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভোর সাড়ে পাঁচটায় প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এর পরবর্তী আধঘন্টার মধ্যে আরো সাতটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরিত বোমাগুলোর মধ্যে চারটি মন্দিরের ভিতরে ও বাকিগুলি মন্দির চত্বরের আশ্রমের কাছে বিস্ফোরিত হয়। এছাড়া মন্দির চত্বরে আরো দুটি তাজা বোমা পাওয়া যায়। বিস্ফোরণে মিয়ানমারের এক ভিক্ষুসহ দুজন আহত হন।
২০১০ সালে পুনের জার্মান বেকারির বোমা হামলায় আনোয়ার বিস্ফোরক সরবরাহ করেছিল বলে অভিযোগ আছে। বেকারির ওই বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছিল। আদালত তাকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে।
পুলিশ হেফাজতে মহাবোধি মন্দিরে বোমা হামলায় তার কোনো ভূমিকা ছিল কিনা তা নিয়ে আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিস্ফোরিত বোমগুলো অপেক্ষাকৃত কম শক্তিশালী হওয়ায় মন্দিরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ যে অশ্বত্থ গাছটির নিচে ধ্যানস্থ অবস্থায় বোধি লাভ করেছিলেন, হামলায় সেই বোধিবৃক্ষটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিহারের পুলিশ প্রধান অভয়ানন্দ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পর্যটনের ভাটার সময় হওয়ায় আর ভোরে কম লোকজন থাকায় তেমন হতাহতের ঘটনা ঘটেনি।
বিহারের মূখ্যমন্ত্রী নিতিশ কুমার এই হামলাকে “সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন।
