২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে স্থবির সরকার, আরো বিক্ষোভের ডাক

মিশরে নতুন প্রধানমন্ত্রী হিসাবে উদারনৈতিক রাজনীতিবিদ এল বারাদিকে নিয়োগ করা নিয়ে বিরোধের কারণে থমকে গেছে অন্তর্বর্তী সরকার প্রক্রিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Jul 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

ইসলামপন্থিদের আপত্তির মুখে এলবারাদির নিয়োগ নিয়ে সংশয় দেখা দিয়েছে।সৃষ্টি হয়েছে সংঘর্ষিক পরিস্থিতি।এক বিবৃতিতে আরো বড় বিক্ষোভে নামার ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ইসলামপন্থিরা।

শনিবার কয়েকটি গণমাধ্যম এবং কয়েকটি সূত্রে এলবারাদির মনোনয়ন চূড়ান্ত বলা হলেও পরে মধরাতের পর প্রেসিডেন্টের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিয়োগ আসলে চূড়ান্ত হয়নি।

প্রেসিডেন্টের পরামর্শক আহমেদ আলমুসলিমানি সাংবাদিকদের বলেন, “অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর আজ এলবারাদির সঙ্গে বৈঠক করেছেন। তবে এখনো তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়া হয়নি।” তবে প্রধানমন্ত্রী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে এলবারাদি অন্যতম বলে জানান তিনি।

কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এলবারাদির নাম উঠে আসায় এর প্রতিবাদ জানায় মিশরের দ্বিতীয় বৃহত্তম ইসলামপন্থী দল সালাফিস্ট নুর পার্টি। এলবারাদির সঙ্গে কাজ না করারও ঘোষণা দেয় তারা। এছাড়া ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট মুরসির দল মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকেও আসে তীব্র প্রতিক্রিয়া।

প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে এ অচলাবস্থা দেশ পরিচালনার ভার কার হাতে তুলে দেয়া হবে তা নিয়ে সামরিক বাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। উদারনৈতিক এবং রক্ষণশীলদের মধ্যে মতৈক্য প্রাতিষ্ঠায় হিমশিম খাচ্ছে সেনাবাহিনী।
এ পরিস্থিতির মধ্যে রোববার নতুন করে আরো বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামপন্থিরা।মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল করার দাবিতে এ প্রতিবাদ বিক্ষোভ ডেকেছে ব্রাদারহুড।
শুক্রবার দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের পর শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর আরো বিক্ষোভের এ ঘোষণা এল। শুক্রবারের বিক্ষোভে অন্তত ৩৫ জন নিহত ১,০০০ জন আহত হয়েছে।