লাহোরে বিস্ফোরণে নিহত ৫
পাকিস্তানের লাহোর শহরে এক বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাতে লাহোরের ব্যস্ত রেস্তোরা এলাকা আনারকলিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ডন ডটকম।
পাকিস্তানের অন্যান্য শহরগুলোতে নিয়মিত বোমা হামলার ঘটনা ঘটলেও পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোর অপেক্ষাকৃত নিরাপদ ছিল। গত চার বছরে শহরটিতে এ ধরনের কোনে হামলার ঘটনা ঘটেনি।
পাকিস্তানের ক্ষমতায় পাঞ্জাব ভিত্তিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সরকারে একমাস পূর্তির দিনটিতেই বিস্ফোরণটি ঘটানো হল। হামলার দিনটি পরিকল্পনা করেই ঠিক করা হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের পর্যবেক্ষকরা।
পুলিশের প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ হিসেবে একটি সময় নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণের কথা বলা হয়েছে। আনারকলি এলাকার বোখারা রেস্তরার চেয়ারের নীচে বোমাটি পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণে ঘটনাস্থলে এক ফুট গভীর গর্ত তৈরি হয়।
আনারকলি এলাকাটি লাহোরের অন্যতম পুরনো এলাকা। এখানে মূলত লাহোরের নিম্ন মধ্যবিত্তরা পরিবার-পরিজন নিয়ে রেস্তরায় খেতে আসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
