মিশর নিয়ে উদ্বেগ
সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুৎ হওয়ার দুদিন পর মিশরজুড়ে সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।
শুক্রবার রাজধানী কায়রোসহ বেশ কয়েকটি শহরে মুরসি সমর্থকদের সঙ্গে তার বিরোধী ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৩০ জনের বেশি নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়।
এ পরিস্থিতিতে এক বিবৃতিতে দ্রুত সহিংসতার অবসান ঘটাতে মিশরের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।
সরকারবিরোধী গণবিক্ষোভের মধ্যে গত বুধবার মুরসিকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর মুরসিসহ তার দল মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করা হয়।
সকালে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সহিংসতায় উস্কানির অভিযোগে ব্রাদারহুডের উপপ্রধান খাইরাত আল-শাতেরকে কায়রোর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, “শক্তি প্রয়োগ এবং সমর্থকদের ফের সংঘর্ষে জড়ানো থেকে বিরত রাখতে মিশরের সব নেতৃত্বের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।”
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, মিশরের জনগণকেই সামনে এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ করতে হবে এবং এ প্রক্রিয়ায় নারীসহ সবাইকে অংশগ্রহণ করতে হবে।
“মহাসচিব জোরালোভাবে বিশ্বাস করেন যে, এই সঙ্কটকালীন মুহূর্তে দেশে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক শৃঙ্খলা, গণতান্ত্রিক শাসন ও বেসরকারি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে মিশরবাসী একযোগে কাজ করবে।”
শুক্রবার রাজধানী কায়রোয় রিপাবলিকান গার্ডের সদরদপ্তর যেখানে মুরসিকে আটকে রাখা হয়েছে বলে গুঞ্জন রয়েছে, তার দিকে মিছিল নিয়ে এগোতে থাকে মুরসি সমর্থকরা।
এক পর্যায়ে তাদের ওপর গুলি চালায় সেনাবাহিনী। এতে চার জন নিহত ও অর্ধ শতাধিক আহত হন।
এর ঘণ্টাখানেক পর মুরসিবিরোধীদের সমাবেশস্থল তাহরির স্কয়ারের দিকে তেড়ে যায় মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীরা। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের সমর্থকদের মধ্যে ঢিল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং ছুরিকাঘাতে নিহত হয় চার জন।
পরে সেনা সদস্যরা মুরসি সমর্থকদের ধাওয়া দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এদিকে মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় মুরসির সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হন। আহত হন দুই শতাধিক মানুষ।
সিনাই উপত্যকায় সন্ত্রাসী হামলায় গুলিতে নিহত হন পাঁচ পুলিশ ও এক সেনা সদস্য। হামলাকারীরা মুরসি সমর্থক কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবারও সেখানে একজনকে গুলি করে হত্যা করা হয়।
এর বাইরে সংঘর্ষে আসিউত শহরে একজন, সুয়েজে একজন এবং ইসমাইলিয়া শহরে তিন জন নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনী শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেয়ার পর শুক্রবার মুরসির হাজার হাজার সমর্থক কায়রোর শহরতলীর রাবা আল-আদাওয়িয়া মসজিদের বাইরে জড়ো হয় । ওই সমাবেশকে ঘিরে রাখে সেনাবাহিনী।
এরই মধ্যে ‘সামরিক শাসন নিপাত যাক’ স্লোগান দিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করে মুরসিপন্থীরা। দেশব্যাপী জিহাদেরও ডাক দেয় তারা।
মিশরের ইতিহাসে প্রথম জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানায় তারা।
ক্ষমতাচ্যুত করার পর থেকে মুরসিকে আর জনসমক্ষে দেখা যায়নি। তবে আটকের কয়েক ঘণ্টা পর তার একটি বক্তব্য প্রচারিত হয়, যা আগেই রেকর্ড করা হয়। বক্তব্যে তিনি সমর্থকদের প্রতি প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে অন্তবর্তী সরকারের প্রধান আদলি মাহমুদ মনসুর শুক্রবার এক ডিক্রি জারি করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন।
এছাড়া গোয়েন্দা বাহিনীর প্রধান রাফাত শেহাতাকে নিজের নিরাপত্তা উপদেষ্টা করে সেখানে মোহাম্মদ আহমেদ ফারিদকে নিয়োগ দিয়েছেন অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট।
