স্নোডেনকে আশ্রয়ের প্রস্তাব ভেনেজুয়েলার
যুক্তরাষ্ট্রের শীর্ষ গোপন গোয়েন্দা কার্যক্রমন ফাঁস করে দেয়া সাবেক গোয়েন্দা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি অগ্রাহ্য করে প্রস্তাবটি দিলেন তিনি।
শুক্রবার ভেনেজুয়েলার স্বাধীনতা দিবসের প্যারেডের সময় মাদুরো ঘোষণাটি দেন।
সেনা প্যারেডের ভাষণে তিনি বলেন, “আমেরিকার নামের প্রতি সম্মান রেখে মানবিক কারণে আমি এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, পুরো বিশ্বের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির ব্যাপারে সত্য প্রকাশ করা বিদ্রোহী চেতনাসম্পন্ন এক তরুণ সে।”
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ৩০ বছর বয়সী সাবেক ঠিকাদার স্নোডেন মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন।
গত ২৩ জুন হংকং থেকে ভ্রমণ ভিসায় মস্কো আসার পর থেকে রুশ কর্তৃপক্ষ তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে।
রাশিয়ার বক্তব্য, বিমানবন্দরের ট্রানজিট এলাকা ট্রানজিট যাত্রীদের অপেক্ষা করার জায়গা, যা একটি দেশ নিরপেক্ষ এলাকা। বিমানবন্দরের পাসপোর্ট নিয়ন্ত্রণ এলাকায় না যাওয়া পর্যন্ত বলা যাবে না, তিনি রাশিয়ায় প্রবেশ করেছেন।
মাদুরোর প্রস্তাবে স্নোডেনের প্রতিক্রিয়া কি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাশিয়া থেকে ভেনেজুয়েলায় সরাসরি যাওয়ার মতো কোনো বাণিজ্যিক বিমান নেই, যেতে হলে কিউবার রাজধানী হাভানায় গিয়ে বিমান পরিবর্তন করে ভেনেজুয়েলায় যেতে হবে। কিউবার কর্তৃপক্ষ স্নোডেনকে ট্রানজিট রুট ব্যবহার করতে দেবে কিনা তাও পরিষ্কার নয়।
আরেকটি বিকল্প পথ হতে পারে মস্কো থেকে বিমান নিয়ে রাশিয়ার পূর্ব দিক দিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ভেনেজুয়েলার পথে দক্ষিণ আমেরিকায় যাওয়া।
বিমানবন্দরে স্নোডেনের অবস্থান নিয়ে ক্রমেই অধৈর্য হয়ে উঠছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি স্নোডেন আর তাই তার যাওয়ার একটি জায়গা দরকার।
