২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকান ইউনিয়নে মিশরের সদস্যপদ স্থগিত

সেনা অভ্যুত্থানে মিশরের গণতান্ত্রিক প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Jul 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

সংস্থাটির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, শুক্রবার থেকে আফ্রিকান ইউনিয়নে (এইউ) মিশরের সব ধরনের কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

এইউ’র ‘পিস অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল’ এর সেক্রেটারি অ্যাডমুর কাম্বুজি বলেন, “জোটের সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধানিক ব্যবস্থা পুনর্বহাল না হওয়া পর্যন্ত মিশরের সব কর্মকান্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল”।

এইউ এর কোনো সদস্যরাষ্ট্রে সাংবিধানিক শাসনের ব্যত্যায় ঘটলে ইউনিয়ন ওই দেশের সদস্যপদ স্থগিত করে। গত মার্চেও মধ্য আমেরিকান রিপাবলিকে সেনা অভ্যুত্থানের পর সদস্যপদ স্থগিত করা হয়েছিল।সম্প্রতি কয়েক বছরে মাদাগাসকার, মালিতে একই ধরনের পদক্ষেপ নেয় আফ্রিকান ইউনিয়ন।

বুধবার সংক্ষিপ্ত সময়ের এক সেনা অভ্যুত্থানে মিশরের ইতিহাসে সর্বপ্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। মাত্র এক বছর আগে দুই দফা নির্বাচনী দৌড়ে প্রায় ৫২ শতাংশ জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি।

মুরসির ক্ষমতাচ্যুতিতে অধিকাংশ আরব দেশ মিশ্র প্রতিক্রিয়া জানালেও এর তীব্র সমালোচনা করে তিউনিশিয়া ও তুরস্ক।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনায় সুস্পষ্টভাবে কোনো পক্ষ না নিলেও শীঘ্রই সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মাহমুদ মানসুর শপথ নিয়েছেন। গণতন্ত্রের পথে ফিরে যেতে সেনাবাহিনীর ‘রোডম্যাপের’ পরের ধাপটি হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা।

রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রকাশ করা হতে পারে বলে মিশরের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।