মিশরে মুরসিপন্থী বিক্ষোভ, গুলিতে নিহত ৩
মিশরে সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আটক করার প্রতিবাদে ও অর্ন্তবর্তী সরকার পরিকল্পনা প্রত্যাখ্যান করে শুক্রবার মুরসি-সমর্থকরা রাস্তায় বিক্ষোভে নামলে সেনা সদস্যদের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে।
রাজধানী কায়রোয় রিপাবলিকান গার্ডের ব্যারাকের বাইরে বিক্ষোভ চলার সময় সেনা সদস্যরা মুরসি সমর্থকদের ওপর গুলি চালায়।এতে বহু মানুষ আহতও হয়েছে। ওই জায়গাটিতেই মুরসিকে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মুসলিম ব্রাদারহুডের দাবি, মুরসিকে আবার পুনর্বহাল করা হোক।
মিশরে শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশে সেনাবাহিনীর বাধা না দেয়ার নিশ্চয়তার মধ্যে শুক্রবার কায়রোর শহরতলীতে রাবা আল-আদাওয়িয়া মসজিদের বাইরে জড়ো হয় মুরসি’র হাজার হাজার সমর্থক।কিন্তু ওই সমাবেশকে ঘিরে রাখে সেনাবাহিনী।
এরই মধ্যে ‘সামরিক শাসন নিপাত যাক’ স্লোগান দিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করে মুরসিপন্থিরা।“প্রত্যাখ্যানের শুক্রবার” নাম দিয়ে এ প্রতিবাদ সমাবেশ করে তারা।দেশব্যাপী জিহাদের ডাকও দেয় বিক্ষোভকারীরা।
এ সময় প্রায় ২ হাজার বিক্ষোভকারী শুক্রবারের জুমার নামাজের পর মসজিদ থেকে ব্যারাক অভিমুখে মিছিল শুরু করে।এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে এগুতে গেলে সেনারা প্রথমে ফাঁকা গুলি ছোড়ে এবং পরে জনতকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন সাংবাদিকরা।
ঘটনাস্থল থেকে বিবিসি’র এক সাংবাদিক জানান, তিনি বিক্ষোভকারীদের ওপর সেনাদেরকে গুলি চালাতে এবং মানুষ হতাহত হতে দেখেছেন। কিন্তু সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সেনারা শুধুমাত্র ফাঁকা গুলি এবং টিয়ারগ্যাস ছুড়েছে বলে দাবি করেছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।তবে সেনাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কোনো ইউনিট যোগ দিয়েছিল কিনা তা স্পষ্ট জানা যায়নি।
বিক্ষোভের আগে সেনাবাহিনী সবাইকে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দিলেও জানিয়েছিল,“ কারণ ছাড়া অধিকারের অতিরিক্ত ব্যবহারে বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে, এগুলোর মধ্যে ছিল রাস্তা অবরোধ করে রাখা, জনসাধারণের স্বাচ্ছন্দ্যে বিঘ্ন ঘটানো, প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার হুমকি তৈরি করা, জাতীয় স্বার্থের পরিপন্থি কাজ করা এবং আমাদের সোনার মিশরের নিরাপত্তা ও অর্থনীতির ক্ষতি করার চেষ্টা।”
মিশরের ইতিহাসের প্রথম অবাধ নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে গ্রেপ্তারের পাশাপাশি মুসলিম ব্রাদারহুডের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও সেনাবাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো।
মুরসির বিরুদ্ধে বিচার বিভাগ অবমাননাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়াসহ বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। গত বুধবার সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তাকে আর দেখা যায়নি।
তবে, তাকে আটকের কয়েক ঘণ্টা পর রেকর্ড করা বক্তৃতায় তিনি সমর্থকদেরকে প্রতিবাদ-বিক্ষোভ করার আহ্বান জানিয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। কায়রো ছাড়াও আলেক্সান্দ্রিয়া এবংআসিউতসহ অন্য কয়েকটি শহরেও বিক্ষোভ করেছে মুরসিপন্থিরা।
ওদিকে, অন্তবর্তী সরকারের প্রধান আদলি মাহমুদ মনসুর শুক্রবার এক ডিক্রি জারি করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন বলে জানা গেছে।মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, পার্লামেন্টের নিম্ন কক্ষ বিলুপ্তির ফলে এখন কেবলমাত্র উচ্চকক্ষ (শূরা কাউন্সিল) সক্রিয় থাকল।
এছাড়া, একই দিন গোয়েন্দা বাহিনীর প্রধান রাফাত শেহাতাকে সরিয়ে সেখানে মোহাম্মদ আহমেদ ফারিদকে নিয়োগ দিয়েছেন মনসুর।শেহাতাকে মুরসি নিয়োগ দিয়েছিলেন, মনসুর তাকে বদলি করে নিজের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন।
