মুরসির বিরুদ্ধে ‘বিচার বিভাগ অবমাননার’ তদন্ত হচ্ছে
মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ‘বিচার বিভাগ অবমাননা’র অভিযোগে তদন্ত চলছে।
বৃহস্পতিবার বিচার বিভাগীয় কর্তৃপক্ষ একই অভিযোগে মুরসির দল মুসলিম ব্রদারহুডের আরো ১৫ সদস্যের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে।
তদন্ত চলাকালে তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী বিচারক থারওয়াত হাম্মাদ।
বুধবার সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুরসির দেশত্যাগের ওপর এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিষাধাজ্ঞা আরোপ হল।
এর আগে অভ্যুত্থানের দিনই তাকে গৃহবন্দি ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় সেনা নিয়ন্ত্রিত প্রশাসন।
মিশরে দীর্ঘদিনের স্বৈরশাসক হুসনি মুবারকের পতনের পর ২০১২ সালের ৩০ জুন ‘দুই দফা’ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
কিন্তু ক্ষমতা গ্রহণের এক বছরপূর্তির আগেই দেশ পরিচালনায় নানান ব্যর্থতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে রাস্তায় নামে মিশরবাসী।
আন্দোলনকারীদের অভিযোগ, তিনি দেশের দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার, বেকার সমস্যা সমাধান করতে পারেননি এবং কাঙ্ক্ষিত নাগরিক সেবার মানও বাড়াতে পারেননি।
