বিমানে বাধা: বলিভিয়ার কাছে ক্ষমা চাইল ফ্রান্স
যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রয়েছেন সন্দেহে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে বহনকারী বিমান আকাশসীমায় প্রবেশ করতে না দেয়ার জন্য বলিভিয়ার কাছে ক্ষমা চেয়েছে ফ্রান্স।
বিবিসি জানায়, ‘পরস্পরবিরোধী তথ্য’র কারণেই এ ভুল হয়েছে বলে যুক্তি দিয়েছে প্যারিস।
মঙ্গলবার বলিভিয়ার প্রেসিডেন্ট মোরালেস মস্কো সফর শেষে দেশে ফেরার পথে তার বিমানে স্নোডেন রয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়লে বিমানটিকে বাধা দিয়ে অস্ট্রিয়ায় জরুরি অবতরণে বাধ্য করা হয়।ইউরোপের দেশ ফ্রান্স, ইতালি, স্পেন ও পর্তুগাল মোরালেসকে বহনকারী বিমানটিকে তাদের আকাশসীমায় প্রবেশ করার অনুমতি দেয়নি।
এরপর অস্ট্রিয়ার ভিয়েনায় বিমানটিকে অবতরণে বাধ্য করা হয়। বলিভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এ ধরনের আচরণের সমালোচনা করে বলিভিয়া একে ‘আগ্রাসী কাজ’ বলে মন্তব্য করে। বিষয়টি নিয়ে জাতিসংঘে নালিশ জানানোরও হুমকি দেয় দেশটি।এরপরই ওই ঘটনার জন্য ক্ষমা চাইল ফ্রান্স।
জার্মানি সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বার্লিনে সাংবাদিকদের বলেন, তিনি যে মুহূর্তে জানতে পেরেছেন বিমানটিতে প্রেসিডেন্ট মোরালেস রয়েছেন সে মুহূর্তে সেটিকে তার দেশের আকাশসীমায় প্রবেশের অনুমতি দিয়েছেন।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে।মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ল্যালিয়ট বলেছেন, “ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে প্যারিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। ফ্রান্স প্রথমে বিমানটিকে তার আকাশসীমায় ঢুকতে দিতে না চাইলেও পরে অনুমতি দেয়া হয়।”
ল্যাটিন আমেরিকার দেশগুলো মোরালেসের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর এ আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
