পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ১৭
পাকিস্তানের আফগানসীমান্তবর্তী অশান্ত উত্তর ওয়াজিরিস্তানে বুধবার যুক্তরাষ্ট্রের মনুষ্যহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে ১৭ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নওয়াজ শরিফ সম্প্রতি ক্ষমতা নেওয়ার পর এটি দ্বিতীয় দফা ড্রোন হামলা।
তিন তালেবান নেতা ও নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নিহতদের অধিকাংশই হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধা।
প্রাদেশিক রাজধানী মিরানশার একটি প্রধান বাজারের নিকটবর্তী একটি বাড়িতে ড্রোন থেকে দুটি মিসাইল ছোঁড়া হয়।
এ অঞ্চলটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এই হামলায় অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দা কালেমুল্লাহ দাওয়ার জানিয়েছেন। কিন্তু পুনর্বার হামলার আশঙ্কায় উদ্ধার তৎপরতায় যাওয়া যাচ্ছে না।
ড্রোন হামলার পরিকল্পনায় এটি খুব সাধারণ কৌশল।
কালেমুল্লাহ দাওয়ার বলেন, “এই মুহূর্তেই উদ্ধার কর্মকাণ্ড শুরু করা সম্ভব নয় কেননা ড্রোন এখনো এ অঞ্চলের আকাশে উড়ছে।”
পাকিস্তানের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জয় লাভকারী নওয়াজ শরিফ সার্বভৌমত্বের প্রসঙ্গ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতি দ্রুত ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন।
কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী যেসব অঞ্চলে যেতে পারে না সেসব এলাকাতেই জঙ্গিদের লক্ষ করে তারা হামলা চালাচ্ছে।
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানি তালেবানের দ্বিতীয় শীর্ষ নেতাসহ ৭ জন নিহত হয়।
