ইরাকে বোমা হামলায় নিহত ৪৫
ইরাকের রাজধানী বাগদাদসহ দেশজুড়ে বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বাগদাদের ব্যস্ত বাজার ও বাণিজ্যিক এলাকায় বোমা হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।
সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে উত্তর বাগদাদের শিয়া আবাসিক এলাকা শাবে। এখানে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ৮ জন।
এছাড়া বাগদাদের শিয়া প্রধান এলাকা দশির, কামালিয়া, তোবচি ও শুলায়ও বিস্ফোরণ ঘটেছে।
শুলা থেকে এক পুলিশ কর্মকর্তা জানান, “কেনাকাটায়রত জনাকীর্ণ বাজার এলাকায় একটি বিস্ফোরণ ঘটে, পুলিশ ও জনতা আহতদের উদ্ধার করতে গেলে আরেকটি বোমা বিস্ফোরিত হয়, এতে নিহতদের লাশগুলো একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়।”
অপরদিকে বাগাদাদের পশ্চিমাঞ্চলীয় শহর আমরিয়া ও আবু গারিবে হামলার লক্ষ ছিল সুন্নিরা। বাকুবায় একটি অন্ত্যিষ্টিক্রিয়ায় চালানো এক বোমা হামলায় ৬ জন নিহত হয়।
দক্ষিণের আমারা প্রদেশে এক গাড়িবোমা হামলায় নিহত হন চারজন। এছাড়া বসরা শহরে তিনটি বিস্ফোরণে তেল খনিতে কর্মরত বিদেশি অধ্যুষিত এক আবাসিক হোটেলের তিনরক্ষী আহত হন।
ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারকে অস্থির করে তুলতে সুন্নি বিদ্রোহীরা প্রতিদিনই প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার এরকম একটি হামলায় অন্তত ২৭ জন শিয়া নিহত হন।
জঙ্গি হামলায় শুধু জুনমাসেই ইরাকজুড়ে নিহত হয়েছে অন্তত ৭শ’ ৬১ জন।
