২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে তালেবান হামলায় নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি সেনাদের জন্য মালামাল সরবরাহকারী একটি কোম্পানিতে হামলা চালিয়ে অন্ততপক্ষে সাত ব্যক্তিকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। ট্রাক নিয়ে চালানো এই হামলায় হামলাকারীদের মধ্যে এক আত্মঘাতী বোমাহামলাকারীও ছিল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Jul 2013, 07:24 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কাবুলে চালোনো পরপর কয়েকটি বড় হামলার ধারাবাহিকতায় এ হামলা চালানো হলো। হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।

কাবুলের উত্তরাংশে অবস্থিত বেশ কয়েকটি বিদেশি কোম্পানি আফগানিস্তানে মোতায়েন নেটো বাহিনীর মালামাল সরবরাহের কাজ করে থাকে।

কাবুলের পুলিশ প্রধান জেনারেল আইয়ুব সালাঙ্গি জানিয়েছেন, হামলায় বিদেশি ওই কোম্পানিতে কাজ করা দুজন ট্রাক ড্রাইভার ও কোম্পানির পাঁচজন রক্ষী নিহত হয়েছেন। রক্ষীদের মধ্যে চারজনই নেপালি। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন।

কাবুল বিমানবন্দরের উত্তরে ওই সরবরাহ কোম্পানির গাড়ি রাখার স্থানে বিস্ফোরকভর্তি একটি ট্রাক নিয়ে হামলা শুরু করে বিদ্রোহীরা। তাদের ঘটানো বিস্ফোরণে কোম্পানির চত্বরে ২০ ফুট গভীর ও প্রায় ৫০ ফুট প্রশস্ত গর্ত তৈরি হয়।

এ সময় অপর তিন হামলাকারী আফগান নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা বন্দুকযুদ্ধে তিন হামলাকারীর সবাই নিহত হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরক ভর্তি তিনটি পোশাক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে তালেবান মুখাপাত্র জাবিউল্লাহ মুজাহিদ “গুরুত্বপূর্ণ বিদেশি ঘাঁটি ও সামরিক গুদামে” হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছেন।