২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সেনাবাহিনীর ৪৮ ঘন্টার আল্টিমেটাম

মিশরের প্রভাবশালী সশস্ত্র বাহিনী সোমবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আল্টিমেটাম দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে সঙ্কট নিরসনে রাজনীতিবিদদের আপোস করার আহ্বান জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Jul 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

মুরসি ও তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো এ সময়ের মধ্যে দেশের ভবিষৎ পরিকল্পনার সর্বসম্মত কোনো রূপরেখা দিতে না পারলে সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় তাদের নিজস্ব ‘রোডম্যাপ’ দেবে বলে জানায়।

রাষ্ট্রীয় টিভিতে নাটকীয় এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মুরসির পদত্যাগের দাবিতে রোববারের গণবিক্ষোভ এবং ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় দেশ বিপদের মধ্যে আছে।

সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি বিবৃতিতে বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে জনগণের দাবি উপলব্ধি করে ব্যবস্থা না নেয়া হলে দেশের ভবিষ্যৎ ‘রোডম্যাপ’ ঘোষণার দায়িত্ব বর্তাবে সশস্ত্র বাহিনীর ওপর।

তিনি বলেন, “গণবিক্ষোভে জনগণ তাদের আকাঙ্খার নজিরবিহীন প্রকাশ ঘটিয়েছে। এ পরিস্থিতিতে আরো সময় নষ্ট করাটা কেবলই দেশে বিভক্তি এবং সহিংসতা বাড়াবে।


সেনাবাহিনী বলছে, তারা তাদের কাঙ্খিত রোডম্যাপের বাস্তবায়নের ওপর নজর রাখবে। যে রোডম্যাপ প্রণীত হবে সব দল, তরুণ জনগোষ্ঠীসহ জাতীয় সব পার্টির অংশগ্রহণের ভিত্তিতে। তবে সেনাবাহিনী সরাসরি রাজনীতি কিংবা সরকারে জড়িত হবে না।

প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে মুরসির বিরুদ্ধে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর এ বিবৃতিকে স্বাগত জানিয়েছে। মিশরে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানিয়ে আসা প্রধান বিরোধী দল ‘ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’ও সেনাবাহিনীর এ পদক্ষেপের প্রশংসা করেছে।

এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে মিশরের সশস্ত্র বাহিনী এ নিয়ে দ্বিতীয়বার রাজনীতিবিদদের প্রকাশ্যে হুঁশিয়ারি দিলে এবং এর মধ্য দিয়ে উদারনৈতিক, ধর্মনিরপেক্ষ এবং বামপন্থি বিরোধীদলগুলোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে রাজি হওয়ার জন্য প্রেসিডেন্ট মুরসির ওপর চাপ সৃষ্টি করল।