২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস মোকাবেলা, আফগান শান্তির প্রতিশ্রুতি ব্রিটেন-পাকিস্তানের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রোববার সন্ত্রাস মোকাবেলা এবং আফগানিস্তানে শান্তি ফেরাতে পাকিস্তানের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jun 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

আফগানিস্তান সফর শেষে এদিন পাকিস্তানে সফরে গিয়ে সেদেশের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করেন ক্যামেরন।

পাকিস্তানের নতুন প্রাধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফ সরকার গঠনের পর ব্রিটিশ প্রধানন্ত্রী ডেভিড ক্যামেরন প্রথম কোনো সরকার প্রধান হিসেবে তার সঙ্গে সরাসরি বৈঠক করলেন।

বৈঠকের পর সন্ত্রাস বিরোধী লড়াই এবং আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তিনি।

ক্যামেরন বলেন, আফগানিস্তানের চরমপন্থা ও জঙ্গিবাদ দমনে ব্রিটেন ও যুক্তরাজ্যের একসঙ্গে কাজ করা প্রয়োজন। সমস্যা মোকাবেলায় উভয় পক্ষ একমত হয়েছে বলে জানান নওয়াজ শরীফ।

ওদিকে, আরেক বিবৃতিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানকে কৌশলগত ও প্রযুক্তিগত সহায়তারও ঘোষণা দেন তিনি।

পাকিস্তানের সর্বশেষ জাতীয় নির্বাচনে কোনো বিপত্তি ছাড়াই সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পায় নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। এ নির্বাচনকে দেশটির জন্য এক ‘সোনালী অধ্যায়’ বলে অভিহিত করেন ক্যামরন।

এর আগে আফগানিস্তানে তালেবানদের সঙ্গে থেমে যাওয়া শান্তি আলোচনা আবার চালু করতে শনিবার এক আকস্মিক সফরে কাবুলে পৌঁছান ক্যামেরন।তবে সেখানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ক্যামেরনকে জানান, তালেবানদের সঙ্গে কোনো শান্তি চুক্তি করলে তার দেশ দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে।

রোববরের ওই বৈঠকে ক্যামরন নওয়াজ শরীফকে বলেন, পরস্পরের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারলে পাক-আফগান উভয়দেশ লাভবান হবে। তবে আফগানিস্তানের নেতৃত্বেই শান্তি আলোচনা হওয়া উচিত বলে মত দেন নওয়াজ।

এর আগে ফেব্রুয়ারি মাসেও আফগানিস্তান নিয়ে এক শান্তি প্রক্রিয়া শুরু করছিলেন ক্যামেরন। সেই সময় আলোচনায় তালেবানদের পেতে পাকিস্তানকে কাজে লাগান তিনি।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রও আফগানিস্তান নিয়ে একটি শান্তি প্রক্রিয়ার সুচনা করেছিল। এর অংশ হিসেবে কাতারে তালেবানদের অস্থায়ী কার্যালয় খোলার অনুমোদন এবং কাবুল সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করার পর ওই প্রক্রিয়া থামিয়ে দেন কারজাই।

কাতারে তালেবানদের দূতাবাস খোলার ‘প্রক্রিয়া’ নিয়ে প্রশ্ন তুলে আলোচনা থেকে পিছু হটেন কারজাই। পরে কাবুলে সরকারি স্থাপনায় তালেবানদের বোমা হামলার পর তা আরো অনিশ্চয়তার মধ্যে পড়ে।