রবেন দ্বীপ পরিদর্শন করলেন ওবামা
দক্ষিণ আফ্রিকায় সফরকালে রোববার রবেন দ্বীপ পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যে দ্বীপে ১৮ বছর জেলে কাটিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিংসবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
অসুস্থ ম্যান্ডেলার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার একদিন পর তার প্রতি শ্রদ্ধা দেখাতেই দ্বীপটিতে পরিদর্শনে গেলেন ওবামা।
এর আগে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সিনেটর হিসাবে দক্ষিণ আফ্রিকা সফরে এসে সেই বারও রবেন দ্বীপ পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মারাত্মক ফুসফুস সংক্রমণের কারনে গত তিন সপ্তাহ যাবৎ হাসপাতালে আছেন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের অবসানে সাদা-কালোর সহাবস্থানের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয় ম্যান্ডেলাকে।
ম্যান্ডেলার অসুস্থতার মধ্যেই আফ্রিকার কয়েকটি দেশের সফরের অংশ হিসেবে দক্ষিণ অফ্রিকায় আসেন ওবামা। তবে ম্যান্ডেলার চিকিৎসায় ‘বিঘ্নিতা’ এড়াতে তিনি তার সঙ্গে দেখা করেননি।
এর আগে ম্যান্ডেলার প্রশংসা করে তাকে বিশ্বের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
বর্ষীয়ান এ নেতার অসুস্থতায় সারা বিশ্বের মনযোগ এখন দক্ষিণ আফ্রিকার দিকে। গত ছয়মাসে ম্যান্ডেলা এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।
তবে এবার ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে আছেন। এ কারণে দেশটির অধিবাসীরা মনে করতে শুরু করেছেন, তাদের প্রিয় নেতা সম্ভবত আর তাদের মাঝে ফিরে আসবেন না।
বুধবার থেকেই ম্যান্ডেলাকে চিঠি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করে দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা। হাসপাতালের চারদেয়াল ছেয়ে যায় ম্যান্ডেলার প্রতি শুভাকাঙ্ক্ষীদের লেখা বার্তা, ফুলের তোড়ায়। বিলবোর্ডগুলোতে লেখা হয় ম্যান্ডেলাকে নিয়ে বার্তা, পুতুলের গলাতেও ঝুলিয়ে দেওয়া হয় শ্রদ্ধার বাণী।
তবে কয়েকদিন আগের তুলনায় ম্যান্ডেলার স্বাস্থ্যের অবস্থা এখন অনেক ভাল বলে জানিয়েছেন উইনি।
উইনি বলেন, “আমি ডাক্তার নই।কিন্তু তারপরও বলতে পারি, কয়েকদিন আগে তার যে অবস্থা ছিল তার চেয়ে এখন বেশ উন্নতি হয়েছে”।
