২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমকিউএম’র প্রধানের পদ ছাড়লেন আলতাফ হুসেন

পাকিস্তানের করাচি ভিত্তিক রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এর প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দলটির প্রতিষ্ঠাতা আলতাফ হুসেন। এমকিউএম পাকিস্তানের বৃহত্তম শহর করাচির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 04:23 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার সকালে হুসেন দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন বলে জানিয়েছে ডন ডটকম।

স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাজ্যে বসবাসরত আলতাফ হুসেন জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় দলীয় প্রধানের সব ধরনের কর্তৃত্ব ও দায়িত্ব এমকিউএম এর সমন্বয় পরিষদের কাছে হস্থান্তর করেছেন।

গণমাধ্যমের কাছে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি আরো জানান, কিছু দিন আগে যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ তার লন্ডনের বাসভবনে তল্লাশি চালিয়ে কিছু গুরুত্বপূর্ণ উপাদান জব্দ করে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নৈতিক কারনে স্বেচ্ছায় তিনি দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এমকিউএম এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডঃ ইমরান ফারুকের হত্যাকাণ্ডের তদন্ত করছে স্কটল্যান্ড ইয়ার্ড। ডঃ ফারুকও স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে বসবাস করতেন। ২০১০ এর সেপ্টেম্বরে অফিস থেকে বাড়ি ফেরার পথে আততায়ীর ছুরিকাঘাতে তিনি নিহত হন।

সম্প্রতি লন্ডন পুলিশ ওই হত্যাকাণ্ডের তদন্তে অনেকদূর এগিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেভাজন আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে ও কয়েক হাজার নথি আটক করেছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে এমকিউএম প্রধান হুসেনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে করছে স্কটল্যান্ড ইয়ার্ড। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলে আইনিভাবে তা মোকাবিলা করার কথা জানিয়েছেন হুসেন।

মুজাহির কওমি মুভমেন্ট (এমকিউএম) যা পরবর্তিতে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) নাম গ্রহণ করে, ১৯৮৪ সালে এর প্রতিষ্ঠা লগ্ন থেকে আলতাফ হুসেন দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার হঠাৎ পদত্যাগের সিদ্ধান্তে এমকিউএম এর কর্মীরা বিস্মিত হয়ে পড়েছেন।

দলীয় প্রধোনের পদত্যাগের বিষয়ে এমকিউএম থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।