২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বাজারে বিদেশি মোবাইল অপারেটর

প্রথম আন্তর্জাতিক মোবাইল অপারেটর হিসেবে মিয়ানমারে টেলিযোগাযোগ সেবা দিতে যাচ্ছে নরওয়ের টেলিনর ও কাতারের অরেডু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামে অংশ নিয়ে এ দুটি প্রতিষ্ঠান মিয়ানমারে টেলিযোগাযোগ খাতে কাজের সুযোগ পেয়েছে।

ফলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের পর মিয়ানমারেও মোবাইল ফোন সেবা দিতে যাচ্ছে টেলিনর।

নরওয়েজীয় কোম্পানি টেলিনর বাংলাদেশে সাড়ে চার কোটিরও বেশি গ্রাহকের অপারেটর গ্রামীণফোনের ৫৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক।

ভারতের ইউনিনরেও প্রধান মালিকানা টেলিনরের। এ কোম্পানিতে তাদের শেয়ারের পরিমাণ ৬৭ দশমিক ২৫ শতাংশ। ভারতের বিশাল বাজারে ইউনিনরের গ্রাহক সংখ্যা ৪ কোটি ২০ লাখ। পাকিস্তান টেলিনরের শতভাগ শেয়ারের মালিক কোম্পানিটি।

বিশ্বের অন্যতম মোবাইল অপারেটর টেলিনর গ্রুপের ১১টি দেশে ১৫ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।

আর কাতারভিত্তিক কোম্পানি অরেডু মধ্যপ্রাচ্যের বাইরে উত্তর আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় টেলিযোগাযোগ সেবা দিয়ে থাকে। মিয়ানমারের প্রতিবেশি দেশ লাওসের পাশাপাশি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় এর কার্যক্রম রয়েছে।

এ দুটি প্রতিষ্ঠানকে স্বল্প সময়ের মধ্যে দেশজুড়ে আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে বলেছে মিয়ানমার সরকার। দেশটিতে বর্তমানে প্রতি ১০ জনে একজন মোবাইল ফোন ব্যবহার করে।

২০১৬ সাল নাগাদ দেশের চার-পঞ্চমাংশ এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক চায় মিয়ানমার।

টেলিনর বলছে, আগামী পাঁচ বছরের মধ্যে মিয়ানমারজুড়ে আধুনিক প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলবে তারা। অবশ্য এ বছর থেকেই তাদের সেবা পাবে মিয়ানমারের জনগণ।

টেলিনর ও অরেডু কেউই মিয়ানমারে কী পরিমান বিনিয়োগ করবে তা প্রকাশ না করলেও বিশেষজ্ঞরা মনে করছেন, একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে তাদের প্রত্যেককে একশ’ থেকে দেড়শ’ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।

টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস বলেন, এ ধরনের দেশে নতুন নেটওয়ার্ক গড়ে তোলার বিস্তর অভিজ্ঞতা রয়েছে টেলিনরের। এ প্রসঙ্গে পাকিস্তানে প্রতিষ্ঠানটির কার্যক্রমের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি।

“আমরা মনে করি, সাশ্রয়ী মোবাইল সেবা প্রদান খুবই সম্ভব।”

আর অরেডুর চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন সাউদ আল-থানি বলেছেন, মিয়ানমার নিঃসন্দেহে অরেডুর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠবে।