যুক্তরাষ্ট্রের সিনেটে আলোচিত অভিবাসন সংস্কার বিল পাস
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমন্বিত অভিবাসন সংস্কার বিল দেশটির আইন পরিষদের (কংগ্রেস) উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেয়েছে। এখন আইন পরিষদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অনুমোদন পেলেই বিলটির আইনে পরিণত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না।
গত কয়েক মাস ধরে চলা বিতর্ক এবং সীমান্ত ব্যবস্থাপনায় ব্যয় বৃদ্ধির বিষয়ে সমঝোতার পর বৃহস্পতিবার বিকেলে সিনেটে অনুষ্ঠিত ভোটাভূটিতে বিলটির পক্ষে ৬৮ ভোট ও বিপক্ষে ৩২ ভোট পড়ে।
৫২ জন ডেমক্রেট সিনেটরের সবাই, রিপাবলিকান ৪৬ সিনেটরের মধ্যে ১৪ জন ও দুজন স্বতন্ত্র সিনেটর বিলটির পক্ষে ভোট দেন, আর ৩২ জন রিপাবলিকান সদস্য বিপক্ষে ভোট দেন।
বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ দেশটিতে বসবাসের বৈধতা পাবে। এদের মধ্যে লাখ খানেক বাংলাদেশী নাগরিকও রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে কেবল তারাই বৈধতা পাবেন যারা ২০১২ সালের আগে থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ও এরমধ্যে গুরুতর কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি।
বিল অনুযায়ী বৈধতার জন্য অনুমতি পাওয়া অভিবাসীদের প্রথমে নির্দিষ্ট ফি দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। দুবছর অন্তর অন্তর এই ওয়ার্ক পারমিট নবায়ন করে ১০ বছর পর সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের পূর্ণ নাগরিকত্ব তথা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া আইনে পরিণত হলে বিলের প্রস্তাব অনুযায়ী, বেআইনিভাবে অবৈধপথে কোনো বিদেশি যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণের প্রতিবেশী মেক্সিকোর ২ হাজার মাইল সীমান্তের অন্তত ৭শ’ মাইল জুড়ে কাঁটাতারে বেড়া নির্মাণ করতে হবে, সীমান্ত রক্ষীর সংখ্যা ২০ হাজারের স্থলে ৪০ হাজারে উন্নীত করতে হবে।
এছাড়া, ওয়ার্ক পারমিট তথা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি যাদের নেই, তারা কেউ চাকরি পাবেন না তা নিশ্চিত করতে প্রতিটি কর্মস্থলে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা করতে হবে।
বিলটিতে অদক্ষ শ্রমিক ও কৃষি শ্রমিকের কোটা দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে এবং অদক্ষ শ্রমিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার বিধান রাখা হয়েছে।
