২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধীর উৎকণ্ঠায় আফ্রিকা

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jun 2013, 09:02 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

প্রিটোরিয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শান্তিতে নোবেলজয়ী এই নেতার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকাবাসী তাদের প্রিয়নেতার চিরবিদায়ের ক্ষণ ঘনিয়ে এসেছে বলেই মনে করছে।

এই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র মোজাম্বিকে অনুষ্ঠিতব্য সাউথার্ন আফ্রিকান ডেভেলাপমেন্ট কমিউনিটির(এসএডিসি)শীর্ষ সম্মেলনে যোগদান বাতিল করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ওই সম্মেলনে আঞ্চলিক অবকাঠামোগত বিষয়ে আলোচনার কথা রয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মাহারাজ রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমকে বলেন, “গত ৪৮ ঘণ্টা ধরে সাবেক প্রেসিডেন্ট মাদিবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।”

দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা তাদের প্রিয়নেতা ম্যান্ডেলাকে স্থানীয়ভাবে ‘মাদিবা’ বলে ডেকে থাকে। এটি তার গোত্র নাম।

মাহারাজ জানান, ম্যান্ডেলার অবস্থা ক্রমশ জটিল হচ্ছে।

তবে গণমাধ্যমে ‘ম্যান্ডেলাকে প্রিটোরিয়া হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে’ বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি জানান, তার (ম্যান্ডেলা) ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানো উচিৎ।

গত ছয়মাসে ম্যান্ডেলা এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। তবে এবার ইতোমধ্যে তিনি হাসপাতালে ২০ দিন অতিবাহিত করেছেন। আর এ কারণে দেশটির অধিবাসীরা ইতোমধ্যে বুঝতে শুরু করেছে, তাদের প্রিয় নেতা সম্ভবত আর তাদের মাঝে ফিরে আসবেন না।

জোহানেসবার্গের অর্থনৈতিক জেলা স্যান্ডটনের পরিচ্ছন্নতাকর্মী ৬০ বছর বয়সী ইদা মাসেগো বলেন, “ম্যান্ডেলা খুব বয়স্ক মানুষ। তার জীবনের অবস্থা ভাল নয়। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখনই তুমি তাকে (ম্যান্ডেলা) নিয়ে যাও। তার অবশ্যই চলে যাওয়া উচিৎ, তার অবশ্যই বিশ্রাম পাওয়া উচিৎ।”

এরআগে বুধবার থেকেই ম্যান্ডেলাকে চিঠি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করে দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা। হাসপাতালের চারদেয়াল ছেয়ে যায় ম্যান্ডেলার প্রতি শুভাকাঙ্খীদের লেখা বার্তা, ফুলের তোড়ায়। বিলবোর্ডগুলোতে লেখা হয় ম্যান্ডেলাকে নিয়ে বার্তা, পুতুলের গলাতেও ঝুলিয়ে দেওয়া হয় শ্রদ্ধার বাণী।

ম্যান্ডেলার সুস্থতা কামনা করে এক ভক্তের বার্তায় লেখা হয়, “আমরা জানি তার চিরবিদায় নেয়ার দিনটি আসবে।কিন্তু এটা মেনে নেয়া কষ্টকর।”

“তিনি আমাদের দাঁড়িয়ে থাকার স্তম্ভ।শান্তি আর সম্প্রীতির স্তম্ভ,” লেখা হয় আরেকটি বার্তায়।
ম্যান্ডেলার জন্য ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আরেক ভক্তের উক্তি, “তিনি আমাদের জন্য যিশু খ্রিস্টের মতো।তার সোনার হাত।ম্যান্ডেলা যে কষ্ট ভোগ করেছেন তার জন্য কখনো প্রতিশোধ না নিয়ে বরং বলেছেন আসুন আমরা এক হয়ে যাই,”।

“দক্ষিণ আফ্রিকান এবং আফ্রিকানদের জন্য কঠিন সময় যাচ্ছে।প্রবীণ এই মানুষটা একজন আইকন,” বলেন, আরেক ভক্ত।

ওদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ম্যান্ডেলার বন্দনাগীতি গেয়ে জোহান্সবার্গে জাতীয় শিক্ষা, স্বাস্থ্য ও সম্মিলিত শ্রমিক ইউনিয়নের এক সম্মেলন উদ্বোধন করেন বলে জানিয়েছে বিবিসি।
দক্ষিণ আফ্রিকা সরকার মঙ্গলবার জানায়, ম্যান্ডেলার শারিরীক অবস্থা এখনো ‘গুরুতর’ ।

দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে (৯৪) চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণের কারণে চলতি বছর এ নিয়ে চতুর্থ দফা তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

৮ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার অবস্থা রোববার সঙ্কটাপন্ন বলে জানান দক্ষিণ জ্যাকব জুমা।এরপর মঙ্গলবার তার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানানো হয় সরকার পক্ষ থেকে।

ম্যান্ডেলাকে সারিয়ে তোলার জন্য ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। অবিসংবাদিত এই নেতার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই, ওমতাতার মুভিজোর এক গ্রামে।
কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে। সে সময় উন্মুক্ত খনিতে কাজ করার সময় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ধারণা করা হয়।

১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ম্যান্ডেলাকে ১৯৯৩ সালে এফ ডাব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।