২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসা কাতারের নেপথ্য কারিগর প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানিকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার স্থলে নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের আল থানি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Jun 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

মঙ্গলবার দেশটির আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন। আর তখনই মন্ত্রিসভায় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছিল।

চলতি মাসের শুরুর দিকে কূটনীতিকরা জানান, ক্ষমতা হস্তান্তরের অংশ হিসাবে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম সরে দাঁড়াবেন বলে তারা মনে করছেন।

তবে মঙ্গলবার ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেওয়ার অনুষ্ঠানের টেলিভিশন ফুটেজে হাজারো মানুষ নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশের জন্য উপস্থিত হলেও প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিমকে কোথাও দেখা যায়নি।

বুধবার সন্ধ্যায় নতুন আমির হিসেবে দায়িত্বগ্রহণ করতে যাওয়া শেখ তামিম কাতারবাসীদের উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেয়ার কথা রয়েছে।

বেশ কিছুদিন ধরেই গুজব উঠেছিল, ৩৩ বছর বয়সী শেখ তামিম তার ৬১ বছর বয়সী বাবার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। অবশেষে তাই সত্যি হতে যাচ্ছে।

এরআগে কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানায়, আমির শেখ হামাদ ক্ষমতাসীন পরিবারের সদস্য ও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে সোমবার বৈঠক করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

১৫০ বছর ধরে আল থানি পরিবার কাতার শাসন করছে।

১৯৯৫ সালে সশস্ত্র বাহিনী, মন্ত্রিসভা ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহায়তায় শেখ হামাদ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তার বাবা শেখ খলিফার কাছ থেকে ক্ষমতা দখল করেন।

তখন থেকেই কাতারের আমির দেশটিতে বেশকিছু উদার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার ঘটান। সাম্প্রতিক বছরগুলোতে কাতার আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

২০০৩ সালে শেখ হামাদ তার দ্বিতীয় ছেলে শেখ তামিমকে তার উত্তরাধিকারী ঘোষণা করেন। দ্বিতীয় স্ত্রী শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে দাম্পত্যজীবনে শেখ তামিমের জন্ম হয়।

যুক্তরাজ্যে লেখাপড়া করা শেখ তামিম তার বড়ভাই শেখ জসিম বিন হামাদ আল থানির স্থলাভিষিক্ত হয়েছেন।