ম্যান্ডেলার অবস্থা এখনো ‘গুরুতর’
দক্ষিণ আফ্রিকার সরকার মঙ্গলবার জানিয়েছে, বর্ণবাদ-বিরোধী লড়াইয়ের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারিরীক অবস্থা এখনো ‘গুরুতর’ ।
দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে (৯৪) চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণের কারণে চলতি বছর এ নিয়ে তৃতীয় দফা তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।
৮ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার অবস্থা রোববার সঙ্কটাপন্ন বলে জানায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। মঙ্গলবারও তার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানানো হল সরকার পক্ষ থেকে।
ম্যান্ডেলাকে সারিয়ে তোলার জন্য ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। ম্যান্ডেলার পরিবারের সদস্যরা কুনু গ্রামে তার বাড়িতে পারিবারিক বৈঠকে করার মধ্যে এ খবর এল।
এর আগে রোববার প্রেসিডেন্ট জুমা দেশবাসিকে ম্যান্ডেলার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন।তার মুখপাত্র ম্যাক মহারাজ ম্যান্ডেলার অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে বিবিসিকে জানান ।
ম্যান্ডেলার পরিবার কঠিন সময় পার করছে উল্লেখ করে তাদের বিরক্ত না করার আহ্বান জানান মহারাজ।
আফ্রিকার এই অবিসংবাদিত নেতার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই, ওমতাতার মুভিজোর এক গ্রামে।
কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে। সে সময় উন্মুক্ত খনিতে কাজ করার সময় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ধারণা করা হয়।
১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ম্যান্ডেলাকে ১৯৯৩ সালে এফ ডাব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
