২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্নোডেন রাশিয়ায় প্রবেশ করেননি’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনের পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত থাকার কথা রাশিয়া অস্বীকার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

স্নোডেনের ঘটনায় রাশিয়া মোটেই জড়িত নয়; এমনকি তিনি দেশের মাটিতেও পা দেননি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বিবিসি জানায়, রোববার হংকং থেকে মস্কোয় যাওয়া স্নোডেন ঠিক কোথায় আছেন তা এখনো সঠিকভাবে জানা না গেলেও ল্যাভরভ জোর দিয়ে বলেছেন, স্নোডেন রাশিয়ার সীমান্ত পার হননি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার (স্নোডেন) উধাও হয়ে যাওয়ার জন্য রাশিয়াকে দোষারোপ করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে তা “ভিত্তিহীন এবং গ্রহণযোগ্য নয়”।

“আমরা কোনোভাবেই স্নোডেন এবং মার্কিন বিচারবিভাগের সঙ্গে তার সংশ্লিষ্টতা কিংবা বিশ্বব্যাপী স্নোডেনের চলাফেরা—এর কোনোকিছুর সঙ্গেই জড়িত নই,” বলেন ল্যাভরভ।

স্নোডেন নিজেই ভ্রমণ শিডিউল বেছে নিয়েছেন বলে রাশিয়া গণমাধ্যমের খবর থেকে জানতে পেরেছে এবং তিনি রাশিয়ার সীমান্ত পার হননি বলে জানান ল্যাভরভ।

তিনি বলেন, “রাশিয়াকে দোষারোপের চেষ্টা করে এবং বিশেষত, একটি চক্রান্তে জড়িত থাকার কথা বলে যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করা হচ্ছে বলেই আমরা মনে করি।এটি পুরোপুরি ভিত্তিহীন এবং তা মেনে নেয়া যায় না।”

সংবাদদাতারা বলছেন, স্নোডেন মস্কোয় নামার পর বিমানবন্দরের ট্রানজিট এলাকায় থাকায় কৌশলগত দিক থেকে তিনি রাশিয়ায় পদার্পণ করেননি- এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে ল্যাভরভের কথায়।


মস্কো বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্নোডেন রোববার বিকালে হংকং থেকে মস্কোয় অবতরণ করেন। ওই দিনই তার কিউবার রাজধানী হাভানার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তিনি কোনো টিকেট ব্যবহার করেননি।


উইকিলিক্স ওয়েবসাইট এর ব্রিটিশ আইনজীবী সারাহ হ্যারিসন এ সফরে স্নোডেনের সঙ্গে ছিলেন বলে জানিয়েছে বিবিসি।


হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, ওয়াশিংটন এখনো মনে করে স্নোডেন রাশিয়ায় আছেন।তাকে হস্তান্তর করতে রাশিয়া সবরকম চেষ্টা করবে বলেই যুক্তরাষ্ট্র আশা করে।    

পুরনো খবর:

স্নোডেনকে নিয়ে চীন-রাশিয়াকে কেরির হুঁশিয়ারি